২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ৭৪১ কোটি ১৩ লাখ টাকার বাজেট

২০১৮-১৯ অর্থবছরের জন্য ৭৪১ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট।

নিজস্ব প্রতিবেদক

ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 01:26 AM

Updated : 11 Oct 2022, 12:27 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন বাজেট উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যদের আলোচনা শেষে তা অনুমোদিত হয়।

বেলা সাড়ে ৩টায় অধিবেশনের শুরুতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বাজেট নিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বাজেট ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক সিনেট সদস্যের অনুমোদন পাওয়া বাজেট। বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে আমরা উন্নয়নের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাওয়ার আশা রাখি।”

গত বছর ৬ সেপ্টেম্বর নতুন উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটিই আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রথম সিনেট অধিবেশন।

বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা, সাফল্য ও সমস্যা সমাধানের কথা তুলে ধরেন উপাচার্য।

তার বক্তব্যের পর বিকেল ৪টার দিকে বাজেট উপস্থাপন করেন অধ্যাপক কামাল উদ্দীন।

নতুন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে বেতন-ভাতায় ৪৩২ কোটি ৯৬ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৫৮ দশমিক ৪২ শতাংশ। সরবরাহ ও সেবা খাতে বরাদ্দ হয়েছে ১৫৭ কোটি ৩৬ লাখ টাকা, যা বাজেটের ২১ দশমিক ২৩ শতাংশ। পেনশন খাতে ১০৭ কোটি ৪০ লাখ টাকা, যা ১৪ দশমিক ৪৯ শতাংশ এবং মূলধন মঞ্জুরির জন্য ২৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সরবরাহ ও সেবা এবং মূলধন খাতের আওতায় গবেষণার জন্য ৩৬ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট ব্যয়ের ৪ দশমিক ৯৪ শতাংশ। এই বরাদ্দ গত বাজেটের দ্বিগুণ।

অধ্যাপক কামাল উদ্দীন জানান, ৭৪১ কোটি ১৩ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৬২৮ কোটি ৩১ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৭১ কোটি ২৮ লাখ টাকা পাওয়ার আশা করা হচ্ছে। অর্থাৎ মোট ৬৯৯ কোটি ৫৯ লাখ টাকা আয় ধরা হয়েছে। বাজেট ঘাটতি থাকছে ৪১ কোটি ৫৪ লাখ টাকা।

বাজেট ঘাটতির অন্যতম কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সাত কলেজের জন্য জনবল নিয়োগ, ৭ মার্চ ভবনের বরাদ্দ, শিক্ষকদের গবেষণা ভাতা, টেলিফোন ভাতা, খণ্ডকালীন শিক্ষকদের ভাতা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গোষ্ঠী বীমার প্রিমিয়াম, স্বাস্থ্য বীমা প্রিমিয়াম, সেশন বেনিফিট, সাব স্ট্যান্ডার্ড বাসা ভাড়া এবং পরীক্ষা সম্মানী ও পরীক্ষা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি বাবদ মোট ৩৭ কোটি ২২ লাখ ব্যয় বৃদ্ধিকে কারণ হিসেবে দেখানো হয়েছে।

সিনেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট প্রস্তাবও তুলে ধরা হয়। সংশোধিত বাজেটে ৭৩৮ কোটি ৭২ লাখ টাকা ধরা হয়েছে। সিনেট অধিবেশনে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ১১ কোটি ৭২ লাখ টাকা ঘাটতি দিয়ে শুরু হয়েছিল।

বাজেট পেশ করার পর আলোচনা ও মতামত দেন সিনেট সদস্যরা।

সদস্যদের আলোচনায় ডাকসু সচল করা, ঢাকা বিশ্ববিদ্যালয় তহবিল থেকে ঘাটতি বাজেট পূরণ, হলের খাবারের মানোন্নয়নসহ নানা বিষয় উঠে আসে।

বেশ কয়েকজন সদস্য বাজেট ঘাটতি পূরণের জন্য বিকল্প ব্যবস্থা চিন্তা করার প্রস্তাব করেন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদা বলেন, “বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বেড়ে চলেছে, বিশ্ববিদ্যালয়ের এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে তুলে ধরতে হবে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আবুল মনসুর আহমেদ কথা বলেন অধিভুক্ত সাত কলেজের সমাবর্তন নিয়ে।

তিনি বলেন, “সামনেই সমাবর্তন করতে হবে। এতগুলো কলেজ এখন আমাদের সাথে, এদের সব গ্র্যাজুয়েটদের যার যার প্রতিষ্ঠানে সমাবর্তন দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত করার আহ্বান জানাচ্ছি।”