২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরই জনবল সঙ্কটে

সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশের পর মাদক নির্মূলে দেশজুড়ে অভিযান চলার মধ্যে এক অনুষ্ঠানে নিজেদের জনবল সঙ্কটের কথা বললেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহম্মেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 07:42 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

মঙ্গলবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের এই আলোচনা অনুষ্ঠানে জামাল উদ্দীনের বক্তব্যের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অধিদপ্তরে নতুন জনবল নিয়োগের আশ্বাস দেন।

অনুষ্ঠান মঞ্চে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে দেখিয়ে জামাল উদ্দীন বলেন, “আমার বন্ধু আসাদুজ্জামান মিয়া যখন একটি বস্তিতে দুই হাজার পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন, তখন আমি মনে মনে ভাবি, সারা বাংলাদেশে আমরা সাড়ে ছয়শ নিয়ে আমাদের অভিযানগুলো পরিচালনা করছি।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দুই হাজারের মতো জনবল থাকলেও ‘অপারেশনাল ফোর্স’ এর সদস্য সংখ্যা সাড়ে ছয়শ বলে জানান মহাপরিচালক।

তিনি আক্ষেপ করে বলেন, “সক্ষমতার দিক থেকে এই অধিদপ্তর মাদকবিরোধী অবস্থান গ্রহণের ক্ষেত্রে এখনও শক্তিশালী হিসেবে নিজেকে দাবি করতে পারে না।”

সীমাবদ্ধতা নিয়েই গত বছর প্রায় সাড়ে ১২ হাজার মামলা দায়ের এবং প্রায় ১৩ হাজারের মতো আসামিকে গ্রেপ্তারের কথা জানান জামাল উদ্দীন।

তবে সক্ষমতা বাড়িয়ে আগামী এক বছরের মধ্যেই অধিদপ্তরকে ঢেলে সাজানোর আশা প্রকাশ করেন তিনি।

জামাল উদ্দীন বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন সমগ্র অধিদপ্তরকে ঢেলে সাজানোর জন্য। আশা করছি সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের যে যান্ত্রিক সহযোগ প্রয়োজন সেটির সন্নিবেশ ঘটবে।”

অধিদপ্তরের জন্য ৫০টি গাড়ি চেয়ে তিনি বলেন, “যদি প্রতিটি জেলায় একটি করে গাড়ি দিতে পারি। তাহলে কাজের পরিধি দ্বিগুণ-তিন গুণ আমরা বাড়াতে পারব।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উন্নয়নের জন্য সরকার কাজ করছে।”

২০১৫ সালে জনবল এক দফা বাড়ানোর তথ্য তুলে ধরে তিনি বলেন, “তাও যথেষ্ট নয় বিধায় পুনরায় আট হাজার ৫০৫ জন জনবল নিয়ে অর্গানোগ্রাম তৈরি ও বাস্তবায়নের কাজ চলছে।”

অনুষ্ঠানে বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যে প্রচেষ্টা নিচ্ছি। আমাদের দেশ থেকে মাদক নির্মূল করতে না পারলেও কন্ট্রোল করে ফেলব ইনশাল্লাহ।”

মাদকসেবীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগের কথাও আলোচিত হয় অনুষ্ঠানে।

সারাদেশে মোট ৩৩৪টি মাদক নিরাময় কেন্দ্র রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।