২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারিক বিন জোহর ওরফে তমাল আত্মসমর্পণ করেছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 05:29 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

তমাল সোমবার আদালত আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আব্দুর রহমান সরদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ট্রাইবুনালের পেশকার আবুল কালাম আজাদ।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়।

ওই ঘটনার খবর ও ছবি সারা বিশ্বে আলোড়ন তোলে। আসামিরা সবাই ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী হওয়ায় সরকারকে সে সময় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল আহমেদ।

তিন মাসের মধ্যে তদন্ত করে ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম।

২০১৩ সালের ২ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু বিচার।

২০১৩ সালের ১৮ ডিসেম্বর মামলাটিতে একই ট্রাইব্যুনালের সেসময়ের বিচারক এ বি এম নিজামুল হক আট আসামির মৃত্যুদণ্ড এবং অপর ১৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন- ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার ও মীর মো. নূরে আলম লিমন।

আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন- এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন।

পরে গত বছরের ৬ অগাস্ট হাই কোর্ট নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন এবং অপর দুজনকে খালাস দিয়ে রায় দেয়। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে আপিল করে খালাস পেয়েছিলেন দুইজন।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া যে দুই আসামি হাই কোর্টে খালাস পান তারা হলেন- সাইফুল ইসলাম ও কাইয়ুম মিয়া।

মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামি হলেন মাহফুজুর রহমান ওরফে নাহিদ, রাশেদুজ্জামান ওরফে শাওন, ইমদাদুল হক ও নূরে আলম (পলাতক) ওরফে লিমন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রফিকুল ইসলাম ওরফে শাকিল ও রাজন তালুকদারের (পলাতক)।

নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডিত ১৩ আসামির মধ্যে থেকে এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা খালাস পান হাই কোর্টে।

আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য ১১ আসামির সবাই পলাতক ছিলেন, যাদের মধ্যে তমাল ছিলেন অন্যতম।