টাঙ্গাইলে অনলাইন অ্যাক্টিভিস্টকে পিটিয়ে আহত
টাঙ্গাইলের ঘাটাইলে ঝড়ে তিন দিন পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীর মৃত্যুর প্রতিবাদ করায় একজন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্টকে পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী।
আহত মেহেদী হাসান মঞ্জুকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি গুরুতর আহত হয়েছেন জানিয়ে ঢাকা মেডিকেলের অর্থোপেডিকের চিকিৎসক আব্দুল্লাহেল হিমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেহেদীর বাঁ হাতের হাড় ভেঙে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে।”
সোমবার সকালে নিজের গ্রাম ঘাটাইলের আলু পাকুটিয়ায় তার ওপর হামলা হয়।
ঢাকা মেডিকেলে মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের গ্রামের প্রভাবশালী ব্যক্তি গোলাম মোস্তফা তার ছেলে এবং ভাই-ভাতিজাসহ অনুসারীদের নিয়ে তার ওপর হামলা চালায়।
“এক চাচা ও গ্রামের একটি ছেলের সঙ্গে আমি নদীর পাড়ে বসেছিলাম। হঠাৎ মোস্তফাসহ ১০-১২ জন এসে আমার উপর হামলা চালায়। মাথাসহ সারা শরীরে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে আমার এক হাত ভেঙে গেছে। একটি আঙুলের মাংস ফেটে গেছে। মাথায় অনেক আঘাত। মাথাসহ শরীরের উপরের অংশে ভয়ানক ব্যথা।”
কয়েক মাস আগে ধানক্ষেতে বাঁশ দিয়ে নেওয়া বিদ্যুতের তার ঝড়ে ছিঁড়ে পড়ার তিন দিন পরে তাতে জড়িয়ে এক নারীর মৃত্যুর প্রতিবাদ করায় এই হামলা হয় বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় মেহেদীর বাবা নূরুল ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানায় মোস্তফাসহ সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
হামলায় ভেঙে গেছে মেহেদীর বাঁ হাতের হাড়। ছবি: মাহমুদ জামান অভি
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি আমি শুনেছি। মামলা নেওয়ার জন্য বলেছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেহেদী হাসান থাকেন ঢাকার খিলক্ষেতে। ‘দেহঘড়ি’ নামের একটি স্বাস্থ্য বিষয়ক পত্রিকায় কাজের পাশাপাশি ফেইসবুক ও ব্লগে লেখালেখি করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ২০০৭ সালের অগাস্টে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারবিরোধী ছাত্র আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তিনি।
২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারবিরোধী আন্দোলনে মেহেদীর এই ছবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল
বিষয়টি নিয়ে নাগরিক সাংবাদিকতার প্ল্যাটফর্ম ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি লেখা প্রকাশিত হওয়ার পর সংবাদ প্রতিবেদনও হয়েছিল।
সে সময় মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আলুপাকুটিয়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি মৃত কোরবান আলীর ছেলে মোস্তফা ও তার চাচাত ভাই মৃত রহমানের ছেলে আজমত ওরফে (পাঙ্গাস) এলাকয় বিদ্যুৎ দেওয়ার কথা বলে প্রতি জনের কাছ থেকে ২,৭০০ (দুই হাজার সাতশ) টাকা করে এবং প্রতি সেচ পাম্পের মালিকের কাছ থেকে ৭,০০০ (সাত হাজার) টাকা করে আদায় করেন।
“এভাবে শতাধিক লোকের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করেন তারা। পরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় নিয়ম অনুযায়ী তার ও খুঁটি না দিয়ে নিম্নমানের তার ও বাঁশের খুঁটি ব্যবহার করা হয়। এর ফলে অল্প বাতাসে তার ছিঁড়ে পড়েছিল, যাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুলজানের মৃত্যু ঘটে।”
হালকা বাঁশের খুঁটিতে আবরণহীন হাইভোল্টেজের প্লাস্টিকের তারে ছেয়ে গেছে পাকুটিয়া চরাক্ষেত
আর তার চাচাত ভাই আজমত আলী ওরফে পাঙ্গাস বিদ্যুতের লাইন দেওয়ার জন্য টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “ঝড়ে তার ছিঁড়ে পড়ার কারণে তার (ফুলজানের) মৃত্যু হয়েছে। এজন্য কেউ দায়ী নয়।”
এরপর তাকে ও তার পরিবারকে একাধিকবার হুমকি দেওয়া হয় জানিয়ে মেহেদী বলেন, বিষয়টি থানায় জানানো হয়েছিল। থানা থেকে মোস্তাফাদের ডেকে বলা হয়েছিল যাতে ঝামেলা না করা হয়।
“সে কারণে ঈদের দিন আমি বাড়ি যাই। এই সুযোগে আজকে সকালে তারা আমার উপর এই হামলা করেছে।”
মেহেদীর ছোট বোন শাহানাজ পারভীন ইতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ মার্চ আলুপাকুটিয়া গ্রামে ঝড়ে বিদ্যুতের কভারবিহীন তার ছিঁড়ে পড়ে। ২৮ মার্চ সকালে ফুলজান বেগম তার জমির ধান দেখতে গেলে ওই ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
“ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের চাপে মৃত ফুলজানের স্বজনরা থানায় না জানিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য হন।”
টাঙ্গাইলের ঘাটাইলে সোমবার লেখক-অনলাইন অ্যাক্টিভিস্ট মেহেদি হাসানকে পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: মাহমুদ জামান অভি
“ঘটনাটি নিয়ে বিভিন্ন অনলাইন ও ফেইসবুকে লেখালেখি হওয়ায় মোস্তফা ও তার লোকজন বিভিন্ন সময় ভাইয়া ও সুমনকে খুন করার হুমকি দিয়ে আসছিল।”
ইতি আরও বলেন, এর ধারাবাহিকতায় গত ২৭ মে সকালে মোস্তফা ও তার সঙ্গীরা দলবল নিয়ে সুমনের বাড়িতে অতর্কিত হামলা করতে উদ্যত হয়। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সুমন ও খাদিজাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়।
“আর এখন ঈদ উপলক্ষে ভাইয়া বাড়ি এলে তার উপর হামলা হল।”
তিনি জানান, মেহেদীকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
