২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি উপেক্ষা করে ঈদযাত্রা

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৃষ্টি উপেক্ষা করে বাড়ির পথ ধরেছেন নগরবাসী; পথে যানজটের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঈদযাত্রা হওয়ার কথা জানিয়েছেন কাউন্টার ব্যবস্থাপকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 09:26 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

মঙ্গলবার বিকালে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যাল মোড় এলাকা ঘুরে যাত্রীদের খুব চাপ লক্ষ করা যায়নি। তবে বিকাল-সন্ধ্যার বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে পড়লেও যাত্রীদের ঈদযাত্রায় সেটা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

কাউন্টার ব্যবস্থাপকরা জানান, অগ্রিম টিকেটের যাত্রীরা ঠিক সময়ে রওনা করেছেন গন্তব্যে। মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সড়কে যানজটের কারণে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি কাউকে।

বিকাল সাড়ে ৪টার দিকে গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে কথা হয় গাইবান্ধার যাত্রী আকরামুল হকের সঙ্গে। বিকাল ৫টার বাস ধরতে স্ত্রীকে নিয়ে বৃষ্টি মাথায় আগেই কাউন্টারে উপস্থিত হয়েছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। বৃষ্টি থাকার কারণে একটু আগেই বেরিয়েছি; পৌঁছেছিও আগে।”

বুধবার শবে কদরের বন্ধের পর বৃহস্পতিবার একদিন অফিস খোলা। এরপর শুরু হবে ঈদের ছুটি।

আকরামুল হক অগ্রিম টিকেটে বাড়ির পথ ধরলেও কাউন্টারে এসে টিকেট পাওয়ায় নিজেকে ভাগ্যবানই ভাবছেন রংপুরের যাত্রী আহসান হাবিব। সন্ধ্যা ৭টার টিকেট কেনার পর কল্যাণপুরে শ্যামল এনআর পরিবহন কাউন্টারের সামনে কথা হয় তার সঙ্গে।

স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি গুণতে হলেও সেটা নিয়ে ‘মাথা ঘামাচ্ছেন না’ বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা; স্বচ্ছন্দে বাড়ি ফিরতে পারবেন বলেও আশা করছেন তিনি।

আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউন্টারে এসেই টিকেট পেয়েছি। এখন অপেক্ষা করছি বাস আসার। আমাদের গ্রুপের কয়েকজন গিয়েছে, তারা রাস্তায় কোনো যানজট পায়নি। আমিও তেমনটা পাব বলে আশা করছি।” সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন যশোরের মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ নাসিম। স্ত্রী ও সন্তানদের নিয়ে কাউন্টারে অপেক্ষার সময় তাদের সঙ্গে কথা হয়। অগ্রিম টিকেটে সকাল ১১টার বাস ধরতে সেখানে উপস্থিত হয়েছিলেন তারা।

নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুটা আগেই বাড়িতে যাচ্ছি এবার। মা-বাবার সঙ্গে ঈদ করতে দুইভাই একসাথে পরিবার নিয়ে যাচ্ছি। অগ্রিম টিকেট কাটা ছিল। বাসের টাইমের অনেক আগেই কাউন্টারে পৌঁছে গেছি।”

কল্যাণপুরে শ্যামলী পরিবহনের গাইবান্ধা কাউন্টারের মাস্টার কিশোর কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার পরিস্থিতিও আজ পর্যন্ত ভালো। দিনের চারটি ট্রিপে ঠিক সময়েই যাত্রীরা রওনা করেছেন। আশা করি, রাতের চারটি ট্রিপও ঠিক সময়ে যাবে। কালকে থেকে রাস্তার পরিস্থিতি কেমন থাকে দেখি।”

তিনি বলেন, “এখন অগ্রিম টিকেটের যাত্রী পাঠাচ্ছি আমরা। তবে দুয়েকটি বাসে পেছনের দিকে এক-দুইটা সিট হয়ত ফাঁকা আছে।”