২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা করে ‘নিরাপত্তাহীনতায়’ উষাতন তালুকদার

‘চাঁদাবাজদের’ বিরুদ্ধে মামলা করার পর এখন নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 06:17 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই নেতা গত সোমবার ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এতে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেছেন, নিরাপত্তাহীনতায় ভোগার কথা তিনি জাতীয় সংসদের স্পিকারকেও লিখিতভাবে জানিয়েছেন।

শেরে বাংলা নগরে সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবন) উষাতনের বাড়িতে ঢুকে গত ৭ জুন কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন বলে তার অভিযোগ। পরদিন তিনি মামলা করেন।

সাধারণ ডায়েরিতে উষাতন লিখেছেন, “মামলা করার পর তা প্রত্যাহারের জন্য অজ্ঞাত লোকজন নানাভাবে চাপ প্রয়োগ করছে। বাসা থেকে বের হওয়ার পর বিভিন্ন সময় অচেনা লোক মোটর সাইকেলে অনুসরণ করছে।”

এই সংসদ সদস্যের মামলায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে  সাখাওয়াত হোসেন সোহেল নামের একজন সোমবার আদালত থেকে জামিনে মুক্তি পান।

অন্য ছয়জনের জামিনের আবেদন মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. খুরশীদ আলম নাকচ করে দেন।

উষাতনের আইনজীবী জীবনানন্দ চন্দ জয়ন্তের অভিযোগে, বাদী পক্ষকে আড়ালে রেখে একটি বিশেষ দরখাস্তের  (স্পেশাল পুট আপ) মাধ্যমে আসামি সাখাওয়াতের জামিন করিয়ে নেওয়া হয়েছে।

উষাতন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথ্যা পরিচয় দিয়ে ঢুকে আসামিরা তার কাছে চাঁদা চেয়েছিলেন।

গ্রেপ্তার সাত আসামির মধ্যে একজন রাঙমাটির বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলমগীর (৩৭)। অন্য ছয়জন হলেন যশোর ঝিকরগাছার ওলিয়ার রহমান (৩৭), চট্টগ্রাম হালিশহরের মো. রাজু (২৫), ময়মনসিংহের গৌরীপুরের শাখাওয়াত হোসেন সোহেল (৩৫), যশোর কোতোয়ালীর শিমুল হোসেন (২৪), কক্সবাজারের উখিয়ার ফয়সাল মাহমুদ রেদওয়ান (২১) ও উখিয়ার মাইনুদ্দিন শাহীন (২১)।

বাঘাইছড়ির সাবেক মেয়র আলমগীরের দাবি, রাঙামাটির সংসদ সদস্য উষাতনের কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন তিনি, চাঁদা দাবির কোনো ঘটনা ছিল না।

তবে উষাতন বলছেন, আলমগীর তার কাছে কোনো টাকা পাবেন না।