সিটি নির্বাচনের আচরণবিধির প্রজ্ঞাপন ঈদের পরে
সিটি নির্বাচনের প্রচারে স্থানীয় সাংসদদের ওপর নিষেধাজ্ঞা রেখে প্রস্তাবিত আচরণ বিধিমালার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইসি থেকে আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ভেটিংসহকারে এটি আমরা গতকাল (সোমবার) পেয়েছি। আজকের কমিশন সভায় এ নিয়ে কোনো আলোচনা হয় নি।
“কমিশন সিদ্ধান্ত দিয়েছে- যেহেতু আচরণবিধি এজেন্ডাভুক্ত ছিল না; ঈদের পরে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে”
ঈদের পরে কমিশন পর্যালোচনা করে সংশোধিত আচরণবিধির প্রজ্ঞাপন জারি করবে জানিয়ে ইসি সচিব বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পর সংশ্লিষ্ট এলাকার বাইরের সাংসদরা প্রচারণায় যেতে পারবেন। প্রজ্ঞাপন না হলে যেতে পারবেন না।
“ঈদের আগে প্রজ্ঞাপন হওয়ার সুযোগ নেই; ঈদের পরে প্রজ্ঞাপন হবে।”
২৬ জুন গাজীপুরের ভোট রয়েছে। সেখানে ১৮ জুন থেকে প্রচারণা শুরু করবে প্রার্থীরা। কমিশন আগেই বলেছিল, গাজীপুরে সংশোধিত আচরণবিধি প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে স্থানীয় এমপিদের বাইরে অন্যরা অংশ নেওয়ার সুযোগও পাবে না।
বুধবার রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হবে। ৩০ জুলাই ভোটের তারিখ আগেই ঘোষণা দিয়েছিল ইসি; বুধবার আনুষ্ঠানিকভাবে তফসিল দেওয়া হবে।
তিন সিটিতে তফসিল ঘোষণার পর এমপিদের প্রচারের সুযোগ রয়েছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, “এটা আইনগত মতামত নিয়ে বলা যাবে। ঈদের পরে প্রজ্ঞাপন হওয়ার পর কমিশন সভায় এ নিয়ে সিদ্ধান্ত হবে। কমিশন যদি বলে-এটা ভুতাপেক্ষ হবে, হতে পারে।”
এর আগে সচিব বলেছিলেন, গাজীপুরে সম্ভব না হলেও নতুন সংশোধিত আচরণবিধি পরবর্তী ৩ সিটি নির্বাচনে কার্যকর হতে পারে।
