২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ-৫ বিক্রির খবরে দুটি তদন্ত কমিটি

টাকার বিনিময়ে জিপিএ-৫ বিক্রির খবর টেলিভিশনে প্রচারের পর ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা বোর্ড দুটি কমিটি করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 09:30 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার এক আদেশে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি মাছরাঙা টেলিভিশনে গত ৯ জুন ‘বিক্রি হচ্ছে জিপিএ ফাইভ’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার হয়।

“মাছরাঙা টেলিভিশনের ওই প্রতিবেদনে ঢাকা বোর্ডের একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং বোর্ডের একজন ব্যক্তিগত কর্মকর্তাসহ উত্তরা এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান জিপিএ ফাইভ বিক্রির সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহামুদ-উল-হককে আহ্বায়ক করে কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মো. ইউনুস আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব আহমদ শামীম-আল রাজী ও উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে সদস্য করা হয়েছে।

এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত রোববার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক আহাম্মেদ সাজ্জাদ রশীদকে প্রধান করে ঢাকা শিক্ষা বোর্ড তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে।

কমিটিতে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হারুন-অর-রশিদ এবং বুয়েটের অধ্যাপক ইউনুস মিয়াকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

জিপিএ-৫ বিক্রি নিয়ে সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “অবশ্যই সত্যতা প্রমাণ করে আমরা ব্যবস্থা গ্রহণ করব, এ ব্যাপারে নো কম্প্রোমাইজ। দুর্নীত, অন্যায় ও অনিয়মে জিরো টলারেন্স, ব্যবস্থা অবশ্যই হবে।”