মঙ্গলবারের পর কমতে পারে বৃষ্টি
রাঙামাটিতে ২৫৭ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল থাকলেও আবহাওয়াবিদরা বলছেন মঙ্গলবারের পর থেকে কমে আসতে পারে টানা বৃষ্টিপাত।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম খুলনা, বরিশাল ও ঢাকার অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে। ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ২৫৭ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, “প্রবল মৌসুমী বায়ুর কারণে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত বরিশাল, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ (৮৯ মিলিমিটারের বেশি) হতে পারে।”
তিনি বলেন, “অতি ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।”
গত বছর এই সময় ৩৪৩ মিলিমিটার বৃষ্টি হয়। টানা ভারি বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় অন্তত ১৬০ জনের মৃত্যু হয়। এর মধ্যে রাঙামাটিতেই মৃত্যু হয় ১২০ জনের।
চলমান ভারী বর্ষণে আবহাওয়া অধিদপ্তর এবারও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ধসের শঙ্কা করছে।
সমুদ্রবন্দরে বহাল ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ফেনী ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে বর্তমানে বাংলাদেশের কুমিল্লা ও ভারতের ত্রিপুরা অঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢাকায় গত সাত দিনের বৃষ্টির পরিমাণ
“চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”
এ আবহাওয়াবিদ বলেন, “মঙ্গলবারের পর টানা বৃষ্টিপাত কমে আসতে পারে এবং এমন পরিস্থিতি কয়েকদিন অব্যাহত থাকবে।”
তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী সপ্তাহের শুরুতে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া, বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে রংপুর বিভাগসহ রাজশাহী এবং নওগাঁ অঞ্চলের উপর দিয়ে বিরাজমান তাপপ্রবাহ কমে আসার আভাস দিয়েছে অধিদপ্তর।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও খবর
