চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ শুরু
রাতভর বৃষ্টির পর বন্দর নগরীর সাতটি পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
পাশাপাশি পাহাড়গুলোতে থাকা শতাধিক ঘর ভেঙে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে রোববার রাতেও কিছু পরিবারকে সরিয়ে নেওয়া হয়।
রোববার দিনের বেলায় নগরীর বিভিন্ন পাহাড়ে মাইকিং করে বসতি স্থাপনকারীদের সরে যাওয়ার আহ্বান জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
জেলা প্রশাসনের একাধিক সহকারী কমিশনারের নেতৃত্বে নগরীর লালখান বাজারের মতিঝর্ণা, বাটালি হিল, পোড়া কলোনি, মিয়ার পাহাড়, জালালাবাদ, খুলশী পাহাড় ও আকবর শাহ পাহাড়ে অভিযান শুরু হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝর্ণা ও বাটালি হিল এলাকায় ৮০টি ঘর ভেঙে দেওয়া হয়েছে।
“পাশাপাশি তিনশ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কেউ কেউ আত্মীয়-স্বজনের বাসায় চলে গেছেন। বাকিরা লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।”
বৃষ্টির মধ্যেও দুপুরে পোড়া কলোনির পাহাড় থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করছিলেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি, চান্দগাঁও) সাব্বির রহমান সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ার পাহাড় থেকে একশ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
“৪০টির মত ঝুঁকিপূর্ণ ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান চলছে।”
সহকারী কমিশনার (ভূমি, সদর) আব্দুল্লাহ আল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জালালাবাদ, খুলশী ও আকবর শাহ পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ৩৫টি পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে।
“খুলশী মডেল স্কুলে ঝুঁকিপূর্ণদের থাকার ব্যবস্থা করা হয়েছে।”
শনিবার বিকেল থেকে নগরীতে ভারি বৃষ্টি শুরু হয়। রোববার সকাল থেকে থেমে থেমে ভারি বৃষ্টি হচ্ছে।
সোমবার বেলা ১২টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নগরীতে ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টিতে রোববার রাত থেকে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায়।
২০০৭ সালের ১১ জুন ভারি বৃষ্টির পর পাহাড় ধসে নগরী এবং জালালাবাদসহ আশেপাশের এলাকায় পাহাড় ধসে ১২৭ জনের প্রাণহানি হয়েছিল।
