২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের চাকরি যাওয়ার পরও প্রতারণা, সাবেক কনস্টেবল গ্রেপ্তার

অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে মামলার তদবির করা অভিযোগে সাবেক এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পিবিআই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 09:15 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

আলতাফ হোসেন নামে ওই কনস্টেবল চাকরিরত অবস্থায়ও একই ধরনের প্রতারণা করায় তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।

কিন্তু চাকরি হারানোর পরও তিনি নিজেকে পুলিশের ‘বড় কর্মকর্তা’ হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নানা সুবিধা নিচ্ছিল বলে পিবিআই কর্মকর্তারা জানান।

পিবিআইর বিশেষ সুপার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপনগর থানায় দায়ের করা একটি মামলার তদন্ত কর্মকর্তার কাছে গত ২২, ২৩ ও ২৪ মে ফোন করে আলতাফ হোসেন নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে তদবির করেন।

তার কথায় তদন্ত কর্মকর্তার সন্দেহ হলে অনুসন্ধান চালিয়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে রূপনগর এলাকা থেকে আলতাফকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই কর্মকর্তা কালাম জানান।

তিনি বলেন, আলতাফ ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেছিলেন। ২০০৭ সালে বগুড়ায় কর্মরত অবস্থায় নিজেকে এসবি, সিআইডি, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং পরবর্তীতে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।