২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে দুর্ভোগের শঙ্কায় পূর্ব রেলে বাড়তি ভিড়

ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানজট বেড়ে যাওয়া আশঙ্কায় এবার ঈদে ওই দুটি রুটের ট্রেনের টিকেটে চাহিদা বেড়েছে।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 04:51 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

মঙ্গলবার দুপুর একটায়ও চট্টগ্রামের বিভিন্ন ট্রেনের টিকেট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারাও বলছেন, চট্টগ্রাম ও সিলেটসহ পূর্বাঞ্চলের লাইনে এবার টিকেট প্রত্যাশীদের ভিড় বেশি।     

এর আগে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনের অগ্রিম টিকেটের কাউন্টারের সামনে উপচেপড়া ভিড় দেখা গেলেও চট্টগ্রাম এবং সিলেটগামী বিভিন্ন ট্রেনের কাউন্টারের সামনে ভিড় ছিল কম।

টিকেট প্রত্যাশীরা বলছেন, বেহাল সড়কের কারণে এবার ঈদে ট্রেনের ওপর চাপ বেড়েছে।

মঙ্গলবার দেওয়া হচ্ছে ১৪ জুন ঈদযাত্রার অগ্রিম টিকেট। ১৬ জুন ঈদের সম্ভাব্য দিন। বৃহস্পতিবার শেষ কর্মদিবস শেষে বাড়ির পথ ধরবেন অনেকে। এজন্য ঈদের দুদিন আগে ট্রেনের সবচেয়ে বেশি ভিড় হবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের টিকেটের জন্য সোমবার দুপুরে কাউন্টারে এসেছেন শামীম নামে একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাসে যাওয়ার রাস্তা খারাপ। এজন্য ট্রেনের টিকেট নিতে এসেছিলেন তিনি।

“আমাদের ওইদিকে সড়কের অবস্থা ভালো না। এজন্য ভাবলাম ট্রেনের টিকেট কিনে নিয়ে যাই।”

টিকেট দিতে দেরি করায় হট্টগোল করছিলেন অনেকে। একটা টিকেট দিতে পাঁচ থেকে দশ মিনিট সময় যাচ্ছে করছে।

চট্টগ্রামের টিকেট নেওয়ার জন্য সোমবার ইফতারের আগে কমলাপুর এসেও মঙ্গলবার সকাল ১০টায়ও টিকেট পাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রা এখন অনিশ্চয়তায় ভরা। এজন্যই কষ্ট করা।

 “ইফতারের আগে এসে সারারাত একটানা দাঁড়িয়েছিলাম। একটু্ নড়াচড়ার সুযোগ নাই। একবার লাইন থেকে বের হলে আবার ঢোকা কঠিন। এমনিই গরম, তারওপর একজনের সঙ্গে গায়ে গা লাগিয়ে দাঁড়াইতে হচ্ছে।

“তারপরও ট্রেনে যাব। বাসের রাস্তায় অনেক জ্যাম।”

চট্টগ্রাম যাওয়ার সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের টিকেট কেনার জন্য ভোর ৪টায় এসেছেন বেলায়েত হোসেন। তিনি বলেন, গতবারও বাসে গিয়েছিলেন। এবার ট্রেনে যাবেন।

Image
ঈদের আগাম টিকেট কিনতে মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে মানুষের উপচেপড়া ভিড়। এদিন দেওয়া হয় ১৪ জুনের টিকেট।

ঈদের আগাম টিকেট কিনতে মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে মানুষের উপচেপড়া ভিড়। এদিন দেওয়া হয় ১৪ জুনের টিকেট।

“আমরা আগে বেশিরভাগ সময় বাসেই যাইতাম। কিন্তু এইবার পরিস্থিতি ভালো না। তিনটা জায়গায় ব্রিজের কাজ হইতেছে। আর ফেনীর ফতেপুর রেলওভারপাসের কাছেও তো জ্যাম লেগেই আছে সবসময়। ঈদের আগেই শুরু হইছে জ্যাম। এজন্য এইবার ট্রেনে বাড়ি যাব।”

মহানগর প্রভাতী ট্রেনের টিকেটের জন্য ভোররাতে কাউন্টারে দাঁড়িয়েছেন বুড়িচং এলাকার সালেহ আমমেদ। ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন তিনি। সালেহ বলেন, জ্যামের আশঙ্কায় তিনি ট্রেনে যাবেন।

“কুমিল্লা বাসে যেতে সর্বোচ্চ দুইঘণ্টার পথ। কিন্তু মেঘনা-দাউদকান্দিসহ কয়েকটি জায়গায় এমন জ্যাম লাগে, কখন পৌঁছাব তা অনিশ্চিত। গতবারও ঈদের আগে বাসে গিয়েছিলাম। এবার ট্রেনে যাব।”

কিশোরগঞ্জের গচিহাটা যেতে এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের টিকেটের জন্য গতকাল রাতে এসেছেন কারওয়ানবাজারের মাছ ব্যবসায়ী মাহবুব আলম। তিনিও বলেন, সড়কে যানজটের কারণেই ট্রেনে যান তারা।

“গতকাল রাইতে খাওয়া দাওয়া কইরা কমলাপুর আইছি। ভোররাইতে খাওয়ার লাইগা টিফিনবাটিতে খাওনও নিয়া আইছি। এখন টিকেট পাইলাম। আমরার ওই রাস্তায় বাস আছে  কয়েকটা। কিন্তুক জয়দেবপুর চৌরাস্তা পার হইতেই দিন যায়। সিলেট রাস্তায় ভুলতা-গাউসিয়ায় জ্যামে পড়লে খবর হইয়া যায়। ট্রেনই ভাল।”

পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেনের টিকেটের জন্য আগের চেয়ে চাপ বেড়েছে বলে জানান রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সড়কে যানজটের আশঙ্কা থেকে এটা হতে পারে।

“আমাদের কাউন্টারগুলো থেকে যে তথ্য পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে চট্টগ্রামসহ ওইদিকের লাইনের ট্রেনগুলোয় এবার টিকেটের চাহিদা বেশি। এর কারণ হতে পারে সড়কের যানজটসহ নানা প্রতিবন্ধকতা রয়েছে। এছাড়া ট্রেনের প্রতি মানুষের আগ্রহও বাড়ছে।”

এদিকে বিক্রি শুরুর দুইঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট না পাওয়ার অভিযোগ করেন যাত্রীরা। মঙ্গলবার ১০টার দিকে কাউন্টারগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু, দ্রুতযান, রংপুর এক্সপ্রেস, নীলসাগর, লালমনি এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, যমুনা, অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের টিকেট শেষ হয়ে গেছে।

রাজশাহীর ট্রেনের টিকেট নিতে আসা মকবুল হোসেন জানান, গতকাল দু্পুর আড়াইটায় এসেছেন তিনি। রাজশাহীর ট্রেনের টিকেট কাউন্টার থেকে তাকে জানানো হয়েছে বিশেষ ট্রেন ছাড়া আর কোনো টিকেট নাই।

“রাজশাহীতে পদ্মা, সিল্কসিটি, ধূমকেতু ট্রেন আছে। এসব ট্রেনের আসন সংখ্যাও কম না। কিন্তু দেড় ঘণ্টা যাওয়ার পরই বলছে টিকেট নাই। এজন্য রাজশাহী ঈদ স্পেশালের টিকেট কিনছি।”

আবদুস সালাম নামে এক টিকেট প্রত্যাশীর অভিযোগ, তার সিরিয়াল ১১৫। কিন্তু জামালপুর যাওয়ার যমুনা এক্সপ্রেস ট্রেনের টিকেট পাননি।

“এহন পর্যন্ত ৯৮ জনরে টিকেট দিছে। কিন্তু ষাইট-সত্তুর জনরে টিকেট দেওয়ার পরেই কয় তিস্তার টিকেট নাই। একটু পর হুনি অগ্নিবীণার টিকেটও নাই। সারারাইত কষ্ট কইরা খাড়াইয়া থাওনের পর যদি টিকেট না পাই, এইডা কিছু হইল?”

কাউন্টারের টিকেট নিয়ে ‘দুই নম্বরি’ হয় বলে অভিযোগ করেন আজহারুল ইসলাম নামে আরেকজন।

“আমাদের ওই লাইনে স্পেশালসহ চারটা ট্রেন। এর মধ্যে তিস্তা এক্সপ্রেসেই ২১টা বগি। সব মিলিয়ে টিকেট থাকার কথা প্রায় আড়াই হাজার। এখন পর্যন্ত ১০০ জনকেও টিকেট দেয় নাই। প্রত্যেকে সর্বোচ্চ ৪টা করে টিকেট নিলেও চারশোর বেশি টিকেট যাওয়ার কথা না। অথচ এখনই বলছে টিকেট নাই। এরা প্রতিবছরই এমন করে। আমরা লাইনে দাঁড়াইয়া কষ্ট করি। আর তারা ভিতর থেকে টিকেট দিয়ে দেয়।”

তবে বরাবরের মতোই এসব অভিযোগ অস্বীকার করেন কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী। তিনি বলেন, একাধিক কাউন্টার থেকে টিকেট দেওয়া হচ্ছে। এ কারণে এটা হতে পারে।

“আজ সবচেয়ে বেশি চাপ। আবার একজন লোক চারটার কমে টিকেট কেউ নেয় না। আমাদের এইখানে প্রত্যেকটা ট্রেনের টিকেট তিনটা কাউন্টার থেকে দেওয়া হয়। আমাদের সম্পদ সীমিত। আমরা তো সবাইকে টিকেট দিতে পারব না।”