সদরঘাটে অভিযানে দুদক
ঈদ যাত্রাকে সামনে রেখে আকস্মিকভাবেই ঢাকার সদরঘাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সার্ভেবিহীন ও ঝুঁকিপূর্ণ নৌযান যাতে ঈদের সময় চলাচল না করতে পারে, সেই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ)।
নৌপথে নিরাপদ চলাচল এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সোমবার দুদকের একটি অভিযান দল তাৎক্ষণিকভাবে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে যায় বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের কর্মকর্তারা ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে এবং নৌ খাতের রাজস্ব দুর্নীতিমুক্ত রাখতে সদরঘাট পোর্ট কর্মকর্তাকে নির্দেশনা দেন।”
দুদকের উপ-পরিচালক হেলাল উদ্দিন শরীফের নেতৃত্বে পাঁচ সদস্যের দল এই পরিদর্শনে অংশ গিয়েছিলেন। তাদের সঙ্গে পুলিশের পাঁচজন সদস্যও ছিলেন।
অভিযান দলের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, নৌ খাতে সুশাসন এবং যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে দুদক দল সার্বক্ষণিক নজরদারি করছে। যাত্রীদের অভিযোগ গ্রহণের জন্য দুদক হটলাইন ১০৬ প্রস্তুত আছে।
