২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিজেন শর্মার ‘প্রকৃতি প্রেম’ নিয়ে আলোচনা

একদিন তিনি না থাকলেও ‘গাছগুলো মানুষকে অক্সিজেন দেবে, জীবনে এর চেয়ে আনন্দের কিছু নেই’- এই মন্ত্রেই নিসর্গসখা দ্বিজেন শর্মা রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে তুলেছিলেন উদ্যান ও বাগান। প্রকৃতিবান্ধব নগর গড়ে তুলতে এই অধ্যাপকের প্রচেষ্টাকে স্মরণ করলেন প্রকৃতিপ্রেমীরা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 10:36 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরনো খবর:

গুরুতর অসুস্থ দ্বিজেন শর্মা
দ্বিজেন শর্মা আর নেই 
‘নিসর্গপ্রেমীদের মধ্যে বেঁচে থাকবেন দ্বিজেন শর্মা’
‘প্রকৃতি ও মানুষের মধ্যে সংযোগ ঘটিয়েছিলেন দ্বিজেন শর্মা’
প্রিয় ফুলে শেষ বিদায় দ্বিজেন শর্মাকে

দ্বিজেন শর্মার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকার রমনা উদ্যানের বটমূলে তার নিজের গড়ে তোলা সংগঠন তরুপল্লবের আয়োজনে স্মরণসভা হয়।    

প্রকৃতি বিষয়ক লেখক বিপ্রদাশ বড়ুয়া, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বাংলাদেশ শাখার সাবেক কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমদসহ তরুপল্লবের অন্যান্য পৃষ্ঠপোষকরা সভায় যোগ দিয়ে আলোচনায় অংশ নেন।

ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, “কী ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দেশ পড়তে যাচ্ছে, তা নিয়ে সব সময় আলোচনা করতেন দ্বিজেন শর্মা।

“এই নগরে বসে তিনি আমাদের বৃক্ষরাজি চেনাতেন, চেনাতেন উদ্ভিদ। প্রকৃতির প্রতি মমত্ববোধকে তিনি ছড়িয়ে দিয়েছেন তরুণদের মধ্যেও। আর এভাবে প্রকৃতিপ্রেমকে ছড়িয়ে দিতেন তিনি।”

জন্মভূমি সিলেটের বড়লেখা উপজেলার পাথারিয়ায় বন উজাড় হতে চলায় বিলুপ্তির হুমকিতে থাকা জীববৈচিত্র্য বাঁচাতে দ্বিজেন শর্মা সম্মিলিত আন্দোলনের পরামর্শ দিয়েছিলেন বলেও জানান ইশতিয়াক উদ্দিন আহমেদ।

সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী দ্বিজেন শর্মা সামাজিক বৈষম্য নিয়েও চিন্তিত ছিলেন জানিয়ে তিনি বলেন, “দ্বিজেন শর্মা অবহেলিত মানুষের কথা ভাবতেন। সমাজ, প্রকৃতি ও মানুষের মধ্যে এক মেলবন্ধন খুঁজে বেড়াতেন তিনি।”

প্রকৃতি, মানুষ ও সমাজের মধ্যে যোগসূত্র খুঁজে বেড়াতে গিয়ে নিসর্গপ্রেমী দ্বিজেন শর্মা প্রকৃতি রক্ষায় জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করেছিলেন বলে জানান তরুপল্লবের ‍পৃষ্ঠপোষক কাশেম মাসুদ।

তিনি বলেন,  “দ্বিজেন শর্মা বলতেন, পৃথিবী থেকে ঘাস-পাতা-ফুল সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ বাড়ছে, তাদের চলার পথে তাদের পদভারে মরে যাচ্ছে অনেক তরুপল্লব।  জনসংখ্যা কমানো না গেলে তরুপল্লবকে বাঁচানো যাবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।”

১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজারের বড়লেখায় জন্ম দ্বিজেন শর্মার। কবিরাজ বাবার সংসর্গে ছোটবেলা থেকেই লতা-পাতা, বৃক্ষ আর অরণ্য-প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে তার।

পরবর্তী জীবনে জীবিকার তাড়নায় তিনি যেখানেই গেছেন, নিজেকে নিয়োজিত রেখেছিলেন প্রাণ ও প্রকৃতির রূপের সন্ধানে। উদ্ভিদ জগৎ, প্রকৃতি বিজ্ঞান আর বিজ্ঞান ভাবনা নিয়ে লিখেছেন প্রায় দেড় ডজন বই।     

দ্বিজেন শর্মা রাজধানীর বিভিন্ন জায়গায় নানা প্রজাতির গাছ লাগিয়েছেন, তৈরি করেছেন উদ্যান ও বাগান। গাছের পরিচর্যা ও সংরক্ষণ এবং প্রকৃতিবান্ধব শহর গড়ে তোলায় সবাইকে সম্পৃক্ত করতে আজীবন প্রচার চালিয়ে গেছেন।

বিপ্রদাশ বড়ুয়া বলেন, “প্রকৃতির প্রতি দায়বদ্ধ আমাদের জীবন। এই প্রকৃতির প্রতি আমাদের কত ঋণ। এই প্রকৃতিকে কীভাবে বাসযোগ্য করে তোলা যায় সেই কথাই বলে গেছেন দ্বিজেনদা।

“আজ যখন আমরা বৃক্ষরাজির কথা বলব, তখন প্রাতঃস্মরণীয়দের মতো দ্বিজেনদার নামটিই সবার আগে উচ্চারণ করব।”

উদ্ভিদ ও প্রকৃতি নিয়ে লেখা দ্বিজেন শর্মার ‘শ্যামলী নিসর্গ’ প্রকৃতিপ্রেমী ও গবেষকদের কাছে অন্যতম আকরগ্রন্থ। তার বইয়ে গাছ, ফুল ও ফলের বর্ণনার সঙ্গে উঠে এসেছে ময়মনসিংহ গীতিকা, জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, সিলেটের লোকগীতি ছাড়াও মধ্যযুগের কাব্যগাথা।

তার অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে- ‘সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস’, ‘ফুলগুলি যেন কথা’, ‘গাছের কথা ফুলের কথা’, ‘এমি নামের দুরন্ত মেয়েটি’, ‘নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা’, ‘সমাজতন্ত্রে বসবাস’, ‘জীবনের শেষ নেই’, ‘বিজ্ঞান ও শিক্ষা: দায়বদ্ধতার নিরিখ’, ‘ডারউইন ও প্রজাতির উৎপত্তি’, ‘বিগল যাত্রীর ভ্রমণ কথা’, ‘গহন কোন বনের ধারে’, ‘হিমালয়ের উদ্ভিদরাজ্যে ডালটন হুকার’, ‘বাংলার বৃক্ষ’।

বামপন্থি রাজনীতির সঙ্গে পরোক্ষ সংযোগের কারণে কিছুকাল আত্মগোপন, এমনকি কারাবাসও করতে হয়েছে দ্বিজেন শর্মাকে। লেখালেখির জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

কিডনি ও ফুসফুসের জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগে মারা যান ২০১৭ সালের সেপ্টেম্বরে অধ্যাপক দ্বিজেন শর্মা।