২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিসর্গপ্রেমীদের মধ্যে বেঁচে থাকবেন দ্বিজেন শর্মা’

প্রাণ-প্রকৃতি রক্ষায় নিসর্গপ্রেমীদের নানা উদ্যোগের মধ্যেই ‘নিসর্গসখা’ দ্বিজেন শর্মা যুগ যুগ ধরে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 03:13 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

নগরে বেড়ে উঠা একটি প্রজন্মকে বৃক্ষ, তরু-লতা আর ফুল-ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করা প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মা অগ্রণী ভূমিকা রেখে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে ‘দ্বিজেন শর্মা স্মরণসভার’ আয়োজন করে ছায়ানট ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিন পরিষদ।

এতে অতিথির বক্তব্যে নানা উদাহরণ, ব্যাখ্যায় প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার জীবনালেখ্য তুলে ধরেন আতিউর রহমান।

আতিউর রহমানের পাশাপাশি তাকে নিয়ে স্মৃতিচারণ করেন ছায়ানট ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিন পরিষদের সভাপতি সনজীদা খাতুন, সাহিত্যবিষয়ক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত।

আতিউর রহমানের চোখে দ্বিজেন শর্মা ছিলেন এক ‘চলন্তউইকিপিডিয়া’। প্রকৃতিবিদ পরিচয়ের পাশাপাশি বাংলা, বাঙালিকে ভালোবেসে হয়ে উঠেছিলেন সংস্কৃতির পরম সখা।

নিজের সংগঠন ‘সমুন্নয়’ গঠনের সময় ও পরে প্রধান উপদেষ্টা দ্বিজেন শর্মার ভূমিকা, পরিবেশবিষয়ক পত্রিকা ‘পরিবেশ পত্র’ এর সঙ্গে তার জড়িত থাকার কথা তুলে ধরেন আতিউর রহমান।

তিনি বলেন, “একদিন দ্বিজেনদাকে বললাম, মুক্তিযুদ্ধে শহীদদের কত জনের নাম অজানা থেকে গেছে। আমরা প্রতি দুজন মুক্তিযোদ্ধা স্মরণে একটি করে গাছ লাগাব। দ্বিজেন দা খুব উচ্ছ্বসিত হয়ে গেলেন। তিনি বলতেন, ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে।

“মানুষ, প্রকৃতি ও প্রকৃতির নানা অনুষঙ্গের মধ্যে পারস্পরিক সান্নিধ্য আর বাস্তুসংস্থানের কথা বলতেন আমাদের। বন, পরিবেশ রক্ষার কথা বারবার বলতেন। রমনা আর সোহরাওয়ার্দী উদ্যানের নানা জাতের গাছ লাগানোর কথা বলতেন।”

দ্বিজেন শর্মার পদাঙ্ক অনুসরণ করে প্রকৃতিপ্রেমীদের নানা সংগঠন ও দল গড়ে উঠায় উচ্ছ্বাস প্রকাশ করে সাবেক এই গভর্নর বলেন, “প্রকৃতির প্রতি এ প্রজন্মের এই অনুরাগ, এসব কিন্তু দ্বিজেনদার কৃতিত্ব। তরুণদের নিসর্গপ্রেম, প্রকৃতির প্রতি টান অব্যাহত থাকলে প্রকৃতির সন্তান দ্বিজেন শর্মা আরো বহুদিন বেঁচে থাকবেন।”

মানবসৃষ্ট নানা কারণে প্রকৃতির নানা অনুসঙ্গ যখন উজাড় হতে চলেছে, তখন দ্বিজেন শর্মা তার বই আর কলামে আশঙ্কা প্রকাশ করেছেন বারবার।

তার সেই ভূমিকা স্মরণ করে ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেন, “দ্বিজেন শর্মা বারবার বলে গেছেন, প্রকৃতির উপরে মানবসভ্যতা কিভাবে জয়ী হওয়ার চেষ্টা করেছি। প্রকৃতির এই যে ভারসাম্যহীনতা, তাতে বাংলাদেশ কিভাবে ভুগছে আর আর আমরা কিভাবে বিব্রত হচ্ছি তা তো বলে শেষ করা যাবে না।”

পরে তিনি বলেন, “দ্বিজেন শর্মা প্রকৃতিকে ও গাছকে ভালোবেসেছিলেন, তারই সঙ্গে ভালোবেসেছিলেন মানুষকে। আমরা কীভাবে প্রকৃতিপ্রেমিক হতে পারি, তার হদিস দিয়ে গেছেন তিনি।”

প্রকৃতি সচেতনতার পাশাপাশি তিনি সাহিত্য, শিল্প ভুবনকেও আলোকিত করে গেছেন বলে মন্তব্য করেন কবি ও সম্পাদক আবুল হাসনাত।

তিনি বলেন, “উদ্যানের বৃক্ষ বিন্যাসের পাশাপাশি তিনি দেশের ঐতিহ্যবাহী বৃক্ষ রক্ষার কথা বারবার বলে গেছেন। বিমানবন্দর সড়কটি যখন বিদেশি গাছে সাজানোর পরিকল্পনা করা হচ্ছিল, তখন দ্বিজেন শর্মা কলম ধরেছিলেন।

“তিনি বারবার বলে গেছেন, একটি শহরের জন্য বৃক্ষ বিন্যাস কতটা প্রয়োজন। তার মানবকল্যাণ ভাবনা সমাজকে নানাভাবে আলোকিত করে যাবে যুগে ‍যুগে।”

অনুষ্ঠানে ‘দ্বিজেন শর্মার উদ্যান ভাবনা’ শিরোনামে একটি সচিত্র প্রবন্ধ পাঠ করেন স্থপতি তুঘলক আজাদ।

অনুষ্ঠানের শুরুতে মিতা হকের পরিচালনায় সম্মেলক গান পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। পরে একক গান পরিবেশন করেন শিল্পী শাহীন সামাদ, চন্দনা মজুমদার, লাইসা আহমেদ লিসা। শেষে রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদের শিল্পীদের সম্মেলক পরিবেশনায় শেষ হয় অনুষ্ঠান।

চলতি বছর ১৫ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘নিসর্গসখা’ লেখক অধ্যাপক দ্বিজেন শর্মা। ৮৮ বছর বয়সী এই প্রকৃতি গবেষক নিউমোনিয়া, কিডনি জটিলতা, ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।