২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুতর অসুস্থ দ্বিজেন শর্মা

ফুসফুসে সংক্রমণ হওয়ায় লেখক দ্বিজেন শর্মাকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 07:41 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

‘নিসর্গসখা’, ‘প্রকৃতিপুত্র’ নামে খ্যাত দ্বিজেন শর্মার সহধর্মিণী ড. দেবী শর্মার বরাত দিয়ে প্রকৃতিবিদ মোকারকম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে দ্বিজেন শর্মাকে ১৮ অগাস্ট বারডেমের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের আইসিইউতে ভর্তি করা হয়।

বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও ফুসফুসে সংক্রমণে ভোগা ৮৮ বছর বয়সী দ্বিজেন শর্মাকে গত ২৩ জুলাই একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৯ জুলাই তাকে আইসিইউতেও নেওয়া হয়েছিল। পরে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল তার।

মোকাররম হোসেন বলেন, “বুধবার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তার চিকিৎসার জন্য। হাতে, পায়ে এখনও পানি জমে আছে, তাই ডায়ালাইসিস চলছে। ডাক্তাররা এখনও তাকে আইসিইউতে রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন।

“এখন ফুসফুস পরিস্কার রয়েছে; জ্ঞান রয়েছে তার, সবাইকে চিনতেও পারছেন। তবে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না এখনই।”

দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।

তিনি উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরি করেছেন করিমগঞ্জ কলেজ, বিএম কলেজ ও নটর ডেম কলেজে। পরে মস্কোর প্রগতি প্রকাশনে চাকরি করেছেন প্রায় কুড়ি বছর।

এরপর দেশে ফিরে যোগ দিয়েছেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে। বাংলা একাডেমি, একুশে পদকসহ বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।

বামপন্থী রাজনীতির সঙ্গে পরোক্ষ সংযোগের কারণে কিছুকাল আত্মগোপন, এমনকি কারাবাসও করতে হয়েছে দ্বিজেন শর্মাকে।

১৯৭০ এর জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের নয় মাসের অধিকাংশ সময়ই তিনি বাংলাদেশে ছিলেন।

১৯৬০ সালে দেবী চক্রবর্তীর সঙ্গে দ্বিজেন শর্মার বিয়ে হয়। তাদের এক ছেলে সুমিত্র শর্মা আর এক মেয়ে শ্রেয়সী শর্মা।

দ্বিজেন শর্মা রাজধানীর অসংখ্য জায়গায় গাছ লাগিয়েছেন নিজ হাতে। তৈরি করেছেন উদ্যান ও বাগান।

গাছের পরিচর্যা ও সংরক্ষণ এবং প্রকৃতিবান্ধব শহর গড়ার জন্য লড়াইও করেছেন।

এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আমি একদিন থাকব না, কিন্তু গাছগুলো থাকবে। মানুষকে অক্সিজেন বিলাবে। জীবনে এর চেয়ে আনন্দ আর কিছুতে নেই।”

প্রকৃতি ও নিসর্গবিষয়ক লেখালেখিরও পথিকৃৎ দ্বিজেন শর্মা। উদ্ভিদ ও প্রকৃতি নিয়ে লেখা তার আকরগ্রন্থ ‘শ্যামলী নিসর্গ’। গাছ, ফুল বা ফলের বর্ণনায় লিখেছেন ময়মনসিংহ গীতিকা, জীবনানন্দ দাশ, জসীমউদ্দীনের কাব্য থেকে শুরু করে সিলেটের লোকগীতি, কিংবা মধ্যযুগের কাব্যগাথার উদ্ধৃতি।

তার লেখা বইয়ের মধ্যে রয়েছে-‘সপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস’, ‘ফুলগুলি যেন কথা’, ‘গাছের কথা ফুলের কথা’, ‘এমি নামের দুরন্ত মেয়েটি’, ‘নিসর্গ নির্মাণ ও নান্দনিক ভাবনা’, ‘সমাজতন্ত্রে বসবাস’, ‘জীবনের শেষ নেই’, ‘বিজ্ঞান ও শিক্ষা : দায়বদ্ধতার নিরিখ’, ‘ডারউইন ও প্রজাতির উৎপত্তি’, ‘বিগল যাত্রীর ভ্রমণ কথা’, ‘গহন কোন বনের ধারে’, ‘হিমালয়ের উদ্ভিদরাজ্যে ডালটন হুকার’, ‘বাংলার বৃক্ষ’ ইত্যাদি।