২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয় ফুলে শেষ বিদায় দ্বিজেন শর্মাকে

‘নিসর্গসখা’ লেখক দ্বিজেন শর্মা ফুলে-ফুলে সাজিয়ে দিতে চেয়েছিলেন তিলোত্তমা ঢাকাকে; তার সেই ‘ভালোবাসার’ ফুলেই তাকে শেষ বিদায় জানাল ভক্ত-অনুরাগী ও বন্ধুরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 01:12 PM

Updated : 11 Oct 2022, 02:32 PM

পুরনো খবর:

দ্বিজেন শর্মা আর নেই 

রোববার সকালে বাংলা একাডেমিতে বন্ধু-অনুরাগী এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা এই লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় নাগরিক শ্রদ্ধানুষ্ঠান।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান ৮৮ বছর বয়সী দ্বিজেন শর্মা। কিডনি ও ফুসফুসের জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে রোববার বেলা ১১টার দিকে দ্বিজেন শর্মার মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমিতে। 

বাংলা একাডেমির কর্তাব্যক্তিদের পাশাপাশি কথাসাহিত্যিক হায়াৎ মামুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অভিনেতা রামেন্দু মজুমদার, অধ্যাপক মুনতাসীর মামুন, কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, প্রাবন্ধিক রমণীমোহন দেবনাথ ও লেখক ইনাম আল হক সেখানে দ্বিজেন শর্মার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বাংলা একাডেমির সাহিত্য পত্রিকা উত্তরাধিকার দ্বিজেন শর্মাকে নিয়ে একটি বিশেষ সংখ্যা বের করবেন তারা। তার স্মরণে স্মারকগ্রন্থ ও জীবনীগ্রন্থ প্রকাশের পরিকল্পনাও বাংলা একাডেমির রয়েছে।

“প্রকৃতিবিদ হিসেবে দ্বিজেন শর্মার পরে আর কাউকে সে জায়গায় আমি দেখতে পাচ্ছি না। তেমন বড় কেউ উঠে আসছেন না। তিনি সব সময় ঢাকা শহরের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর কথা বলতেন। ঢাকা শহর বিপন্ন, বিপর্যস্ত হয়ে যাবে- এটা তিনি মানতে পারতেন না।”

হায়াৎ মামুদ ছিলেন দ্বিজেন শর্মার পারিবারিক বন্ধু। গবেষণার কাজে হায়াৎ মামুদ যখন সোভিয়েত ইউনিয়নে যান, তারপরে দ্বিজেন শর্মাও একটি প্রকাশনা সংস্থায় চাকরি নিয়ে সেখানে যান। সেই থেকে তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়।

হায়াৎ মামুদ বলেন, “আমি সাহিত্যের লোক, দ্বিজেন দা বিজ্ঞানের। কিন্তু কী অসাধারণ গদ্য লিখতেন! কখনো বাংলা লিখতে গেলে খুঁটিনাটি জানতে হলে আমার সাহায্য নিতেন। এত বড় মাপের মানুষ, অথচ তাকে কোনোদিন অহঙ্কার করতে দেখিনি।”

দ্বিজেন শর্মাকে ‘নিভৃতচারী নিসর্গপ্রেমী’ হিসেবে বর্ণনা করে রামেন্দু মজুমদার বলেন, “দ্বিজেন দা কর্মসূত্রে যেখানে গেছেন, সেখানেই তিনি গাছে গাছে ভরিয়ে দিতে চেয়েছেন। তরুণদের গাছ চেনাতে তিনি সহায়তা করতেন।”

অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, “তার বয়স হয়েছিল, কিন্তু আমাদের মনে হয়, তিনি আমাদের ছেড়ে অকালে চলে গেলেন। তিনি গাছকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জীবনের সঙ্গে গাছের ছন্দকে জানিয়েছিলেন, বৃক্ষরাজির মাঝে প্রেমের সুর শিখিয়েছিলেন। তার মত মানুষ এ সমাজে আর নেই। তার অভাব দীর্ঘদিন আমাদের পীড়া দেবে।”

বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় দ্বিজেন শর্মার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান হয়।

প্রথমেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দ্বিজেন শর্মার কফিনে ফুল দেন কর্মকর্তারা।

তোফায়েল আহমদ জানান, ১৯৬০ সালে বরিশালের ব্রজমোহন কলেজে পড়ার সময় দ্বিজেন শর্মাকে তিনি পেয়েছিলেন শিক্ষক হিসেবে।

সেইসব দিনের কথা স্মরণ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “তিনি ক্লাসে যা পড়াতেন, তা আর দ্বিতীয়বার পড়তে হত না। আমার প্রিয় শিক্ষক দ্বিজেন শর্মা এক সাদাকালো জীবন যাপন করে গেছেন,  নীরবে-নিভৃতে তিনি গবেষণা করে গেছেন।”

দ্বিজেন শর্মার গবেষণাধর্মী কাজগুলোর সঠিক মূল্যায়ন করলেই তার প্রতি সঠিকভাবে শ্রদ্ধা জানানো হবে বলে তিনি মন্তব্য করেন।

১৯২৯ সালের ২৯ মে মৌলভীবাজারের বড়লেখায় দ্বিজেন শর্মার জন্ম। বাবা কবিরাজ ছিলেন বলে ছোটবেলা থেকেই লতা-পাতা, বৃক্ষ আর অরণ্য-প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে।

জীবিকার তাড়না জীবনকে যেখানেই নিয়ে যাক, দ্বিজেন শর্মা নিজেকে নিয়োজিত রেখেছেন প্রাণ ও প্রকৃতির রূপের সন্ধানে। উদ্ভিদ জগৎ, প্রকৃতি বিজ্ঞান আর বিজ্ঞান ভাবনা নিয়ে লিখে গেছেন প্রায় দেড় ডজন বই।

বামপন্থি রাজনীতির সঙ্গে পরোক্ষ সংযোগের কারণে কিছুকাল আত্মগোপন, এমনকি কারাবাসও করতে হয়েছে দ্বিজেন শর্মাকে। লেখালেখির জন্য ভূষিত হয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন জাতীয় সম্মাননায়।

কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানিয়ে দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “রাজপথে না থাকলেও তিনি তার লেখনি আর কথায় সমাজতন্ত্রের কথা বলে গেছেন, যে সমাজতন্ত্র পথ দেখায় মানব মুক্তির। আজীবন এক প্রগতিশীল চেতনার মানুষ ছিলেন তিনি।”

প্রাবন্ধিক মফিদুল হক বলেন, “নিসর্গবিদ, মানবতাবাদী মানুষটির এক অদ্ভুত জীবনদর্শন ছিল, সে জীবন দর্শন ছিল মানুষকে বড় করে দেখার। মানুষের সঙ্গে প্রকৃতির সামঞ্জস্যের কথা বলতে গিয়ে তিনি দেখতেন, মানুষ এসবে মোটেই দৃষ্টিপাত করে না।  এ কারণে তিনি বড় বেদনাহত হতেন। আজ তিনি নেই, কিন্তু তার লেখা আর তার রোপণ করা গাছগুলো তার হয়ে কথা বলবে।”

পরে পরিবারের পক্ষ থেকে দ্বিজেন শর্মার ছেলে সুমিত্র শর্মা বলেন, “বাবা দেশ বিদেশে ঘুরেছেন, হয়ত সব ভাষা জানতেন না। কিন্তু তিনি সব মানুষকে বড় আপন করে নিতে পারতেন।”

মেয়ে শ্রেয়সী শর্মা তার বাবার কাজগুলোকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাবার আদর্শকে যদি আমরা প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যাই, তবে বাবার প্রতি সঠিক সম্মান জানানো হবে।”

সাংস্কৃতিক সংগঠক নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, নাট্যকার মামুনুর রশীদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ, প্রকৃতি বিষয়ক লেখক মুকিত মজুমদার বাবুও শহীদ মিনারে এসেছিলেন দ্বিজেন শর্মার প্রতি শ্রদ্ধা জানাতে।

এছাড়া ছায়ানট, এশিয়াটিক সোসাইটি, মুক্তিযুদ্ধ জাদুঘর, সম্মিলিত সামাজিক আন্দোলন, গণসংহতি আন্দোলন, বাসদ, ছাত্র ফেডারেশন, রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল উইমেন্স কলেজ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠী, অনুসন্ধিৎসু চক্র, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতি, নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ, ঘুড়ি ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই লেখকের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

দ্বিজেন শর্মা রাজধানীর বিভিন্ন জায়গায় নানা প্রজাতির গাছ লাগিয়েছেন, তৈরি করেছেন উদ্যান ও বাগান। গাছের পরিচর্যা ও সংরক্ষণ এবং প্রকৃতিবান্ধব শহর গড়ার জন্য আজীবন প্রচার চালিয়ে গেছেন।

এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আমি একদিন থাকব না, কিন্তু গাছগুলো থাকবে। মানুষকে অক্সিজেন বিলাবে। জীবনে এর চেয়ে আনন্দ আর কিছুতে নেই।”

শহীদ মিনারের শ্রদ্ধা অনুষ্ঠান শেষে দ্বিজেন শর্মার কফিন নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা জানানোর পর রাজধানীর সবুজবাগে রাজারবাগ বরদেশ্বরী কালী মন্দির সংলগ্ন শ্মশানে হয় তার শেষকৃত্য।

লেখকের স্ত্রী দেবী শর্মা জানান, তার স্বামীর দেহভস্ম মৌলভীবাজারের বড়লেখায় গ্রামের বাড়িতে নিয়ে সমাধিস্থ করবেন তারা।