২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ না হলে দুদক থেকে কী লাভ: হাই কোর্ট

রাষ্ট্রায়াত্ত বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ৫৬ মামলার তদন্ত আড়াই বছরেরও বেশি সময়ে শেষ না হওয়ায় তদন্ত কর্মকর্তাদের ডেকে ক্ষোভ, উষ্মা ও হতাশা প্রকাশ করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 09:25 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।

শুনানির এক পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, “রাষ্ট্রের এতগুলো টাকা চলে গেল, এখন সংস্থা (দুদক) যদি কাজ না করে আমাদের তো করার কিছু নাই। এ রকম একটি বিধিবদ্ধ সংস্থা দিয়ে যদি কাজ না হয়, তাহলে তো থেকে লাভ নাই।

“এ নিয়ে কত কথা বললাম! এখন লজ্জায় চোখ ঢাকি। মনে হয় কালো কাপড় দিয়ে মুখ ঢাকি, কেন এত কথা বলেছি। আদেশ দিয়ে তো কোনো লাভ হয় না। মনে হয়, উলু বনে মুক্তো ছড়ানো হয়েছে।”

গত ২৩ মে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলার কয়েকজন আসামির জামিন শুনানিতে নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ার বিষয়টি উঠে এলে হাই কোর্ট তদন্ত কর্মকর্তাদের তলব করে। বুধবার তাদের ৫৬ মামলার তদন্তের সব নথি নিয়ে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সে অনুযায়ী ৫৬ মামলার আট তদন্ত কর্মকর্তা ও দুই তদারককারী কর্মকর্তা নথিসহ আদালতে হাজির হন। তদন্ত কর্মকর্তারা হলেন- মো. গুলশান আনোয়ার, মো. ফরিদুর রহমান, ঋতিক সাহা, মো. সামছুল আলম, মির্জা জাহিদুল আলম, শেখ মেসবাহ উদ্দিন, খন্দকার এনামুল বাছির ও মো. মোরশেদ আলম। আর দুই তদন্ত তদারক কর্মকর্তা হলেন- সৈয়দ ইকবাল হোসেন ও শফিকুল ইসলাম।

বেলা আড়াইটায় আদালতে শুনানির শুরুতেই বেসিক ব্যাংকের সাবেক ডিএমডি ও ব্যাংকটির ঋণ জালিয়াতি যাচাই-বাছাই কমিটির সভাপতি ফজলুস সোবহানের পক্ষে ১৫টি মামলায় জামিন চান তার আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

তিনি বলেন, “ব্যাংক ঋণ দেবে কি দেবে না সেটাতো নির্ধারণ করে পরিচালনা পর্ষদ। কিন্তু বলা হচ্ছে ফজলুস সোবহান সহায়তা করেছেন। কী করে তিনি সহায়তা করেছেন? ঋণ যাচাই-বাছাই কমিটির সকল নেতিবাচক মূল্যায়ন থাকার সত্ত্বেও তাকে দায়ী করা হচ্ছে। এই অঙ্কের টাকার ঋণ দেওয়ার ক্ষমতা এই ভদ্রলোকের ছিল না।”

তার এ বক্তব্যের বিরোধিতা করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “কিছুই করার ছিল না। যেন ধোঁয়া তুলসি পাতা। ঋণ প্রস্তাব বাতিল না করে, শাখার সুপারিশে মর্টগেজ (বন্দকনামা চুক্তি) না রেখেই ঋণ অনুমতি দিয়েছেন। এতে সুদে-আসলে ৬৩ কোটি টাকার অধিক আত্মসাৎ করেছেন।”

বক্তব্যের মধ্যেই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম খুরশীদ আলম খানকে উদ্দেশ্য করে বলেন, “আপনার এই বক্তব্যের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই। সবাই লুটপাট করে খেয়েছে। এফআইআর-এ নাম নাই কেন, চার্জশিট দিচ্ছেন না কেন? এ ধরনের মামলায় আড়াই বছর লেগে গেল? তাহলে কেমনে হবে?”

জবাবে খুরশীদ আলম খান বলেন, “আমরা তো চেষ্টা করছি। আদালতের আদেশর পর প্রত্যেক তদন্ত কর্মকর্তার সঙ্গে বসেছি। তদন্ত কর্মকর্তাদের কোনো গাফিলতি নেই।”

তখন ওই বিচারপতি বলেন, “আপনি তদন্ত কর্মকর্তাদের দায়িত্ব নিচ্ছেন? ঋণ যাচাই-বাছাই কমিটির নেতিবাচক সুপারিশ থাকার পর ঋণ দেওয়ার কোনো বিধান নাই। আপনি তদন্ত কর্মকর্তাদের সার্টিফিকেট দিচ্ছেন। চার্জশিট দিচ্ছেন না কেন? নেগেটিভ ফাইন্ডিংস থাকার পরও বোর্ড (ব্যাংকের পরিচলনা পর্ষদ) কীভাবে ঋণের অনুমতি দিল? সেই বোর্ডের কাউকে কেন আসামি করা হয়নি?

দুদক আইনজীবী তখন বলেন, “দুদক বসে নেই। চিঠি দেওয়া হয়েছে প্রত্যেককে। তারপরও কোনো দুর্বলতা আছে কি না আমরা দেখব। আজকে সকালেও ১০টা থেকে বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি যতটুকু জানি প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখতে হচ্ছে।”

বিচারপতি তখন বলেন, “আর কতদিন লাগবে খতিয়ে দেখতে? আড়াই-তিন বছর তো হয়ে গেছে।”

জবাবে খুরশীদ আলম বলেন, ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আড়াই বছর হয়েছে।

“এই সময়ে একটি আদেশ ছাড়া আপনাদের প্রত্যেকটি আদেশ, পর্যবেক্ষণ দুদক পালন করেছে।”

তখন বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, গত আড়াই বছরে ৫৬টি মামলার মধ্যে একটি মামলারও চার্জশিট দিতে পারেননি। লোকবল সঙ্কট থাকলে তো পাঁচটি মামলা দিয়ে তা ভালোভাবে করতেন। ঋণ যাচাই-বাছাই কমিটি ঋণ অনুমোদন দেয়নি, দিয়েছে বোর্ড। অথচ বোর্ডের কাউকে আসামিই করা হয়নি। বোর্ড সবকিছুর জিম্মাদার। 

“আসামি গ্রেপ্তারের ক্ষেত্রেও চুজ অ্যান্ড পিক করেছেন। আমাদের এত পর্যবেক্ষণ, নির্দেশনায় কী হয়েছে? জামিন দিলেও তো সে আদালতের অধীনে থাকবে। একটা লোককে কতবার জিজ্ঞেস করা দরকার? আদৌ কি প্রয়োজন আছে?”

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে দুদক চেয়ারম্যান ও একজন পরিচালকের বক্তব্যের সমালোচনা করে বিচারক বলেন, “টাকা কোথায় গেল এটা খুঁজে দেখতে হবে কেন? এটা অর্থাপাচারের মামলা না। এখানে দেখতে হবে অপরাধজতি কারণে বিশ্বাসভঙ্গ হয়েছে কি না, অর্থ আত্মসাৎ হয়েছে কি না। এ টাকা কোথায় গেল? টাকা কি সিঙ্গাপুর, দুবাই গেছে? এখানে দুর্নীতি হয়েছে কি না এটাই হল বিষয়। কেয়ামত পর্যন্ত এ অর্থ খুঁজে পাওয়া যাবে না।”

এ সময় বেঞ্চের কনিষ্ঠ বিচারক সহিদুল করিম বলেন, “এসব কী কথাবার্তা? ‘টাকার উৎস খুঁজে বের করা না পর্যন্ত অভিযোগ পত্র দিতে পারব না’- এতে বোঝা যায় আপনাদের উদ্দেশ্য? এসব কথাবার্তা বলে আপনারা সব শেষ করে দেন। এটা যদি একজন কৃষকের বিরুদ্ধে পাঁচ হাজার টাকার ঋণের মামলা হত তাহলে মাজায় রশি দিয়ে বেঁধে নিয়ে আসা হত। এদের বেলায় হচ্ছে না কেন?”

দুদক আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন দেখেছেন? এই বোর্ডের সাবেক সদস্য (এখন সচিব) বলেছেন, আমি কারও কাছে জবাবদিহি করব না-এটা পত্রিকায় এসেছে। প্রশ্ন হলো আমরা কি প্রসিকিউশন ও দুদকের দায়িত্ব পালন করব? এরপর আর কী বলবেন?”

জবাবে খুরশীদ আলম খান বলন, “এখন অনেকে সচিব। তাদের অনেকেই আছেন যারা ডাকলেও আসেন না। তারা বলেন, আমরা জবাবদিহি করব না। কেউ কেউ বলেন, আসতে তারা বাধ্য নন।” 

তখন বিচারক বলেন, “জবাবদিহি করব না বললেই সব হয়ে গেল? আইন নাই? তদন্ত কর্মর্তাকে সে আইনে ক্ষমতা দেওয়া আছে।”

এ পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, “আমরা এখন আর কী বলব? আমরা তো তদন্তকারী কিংবা প্রসিকিউটর হতে পারব না। তবে আপনাদের নির্লিপ্তততার কারণে যেসব আসামি ভেতরে আছে তারা বেরিয়ে যাচ্ছে। তাদের সাথে আপনাদের সখ্য আছে বলে মনে হচ্ছে। চার্জশিট দিতে দেরি করছেন, যাতে আসামিরা জামিন পেয়ে যায়। আমরা তাদের জামিন দিতে বাধ্য হচ্ছি।

“আপনারা চিঠি দিতে থাকবেন আর বলবেন প্রক্রিয়ার মধ্যে আছে। এটা কি চলতে থাকবে? আমাদের জানার বিষয় হল, এই যে এতগুলো পর্যবেক্ষণ, আদেশ দিলাম সেগুলো কানে নিলেন না। আমরা চাই প্রতিষ্ঠানটি দাঁড়াক।”

এরপর তলবে আসা তদন্ত কর্মকর্তাদের প্রতিনিধি হিসেবে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের কাছে মামলার অভিযোগপত্র দিতে বিলম্বের কারণ জানতে চায় আদালত।

ইকবাল বলেন, গত বছর তদন্ত শেষ করে কমিশনে জমা দেওয়া হয়েছিল। কিন্তু কমিশন থেকে মামলার বিষয়ে নতুন করে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে তদন্তকারী কর্মকর্তাও বদল হয়েছে।

“এরপর বেসিক ব্যাংকের তৎকালীন বোর্ডের সব সদস্যের বক্তব্য নেওয়া শেষ হয়েছে। তদন্তের শেষ পর্যায়ে চলে এসেছি।”

এ সময় জ্যেষ্ঠ বিচারপতি বলেন, টাকার উৎস খুঁজতে হবে, এটার প্রয়োজন মনে করেন আপনি?

জবাবে দুদকের এই পরিচালক বলেন, “টাকার উৎস বের করা সম্ভব না। ক্যাশ টাকা দিয় কেউ জায়গা, কেউ গয়না কিনে ফেলেছে। টাকার এই উৎস অনুসন্ধান সম্ভব না।”

বিচাররক বলেন, “তাহলে দুদক চেয়ারম্যান এবং একজন পরিচালক কীভাবে একথা বলেন? আপনাদের এই পারফর্মেন্সে আমরা হতাশ। এখন আমাদের জামিন দিতে হচ্ছে। সব আসামি এক এক করে বের হয়ে যাবে।”

ইকবাল তখন বলেন, গত পরশু অনেক ডকুমেন্ট এসেছে।

কনিষ্ঠ বিচারক বলেন, “শিপার আহমেদ বক্তব্য নিয়েছেন? বক্তব্যে কী বলেছে দেখেছেন? আগে একটা লিখিত বক্তব্য দিয়ে এখন সেখান থেকে শিফ্ট করে আরেক কথা বলছেন। বলছেন, তদন্ত প্রায় শেষ। আসলেই শেষ, নাকি ছোটো গল্পের মতো শেষ হয়েও হইল না শেষের মতো? ফের পেহেলসে আরম্ভ হো গিয়ে?”

তখন দুদক পরিচালক ইকবাল বলেন, “শেষ পর্যায়ে। তবে কমিশন অনুমোদন না দেওয়া পর্যন্ত শেষ বলা যাচ্ছে না। ”

জ্যেষ্ঠ বিচারক দুদক পরিচালককে জিজ্ঞেস করেন, আপনি কি মনে করেন টাকা আত্মসাৎ হয়েছে?

ইকবাল বলন, হ্যাঁ, আত্মসাৎ হয়েছে।

তখন জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম দুদক পরিচালককে জিজ্ঞেস করেন, তাহলে ঋণ গ্রহীতাদের গ্রেপ্তার করছেন না কেন?

জবাবে সৈয়দ ইকবাল হোসেনে বলেন, “ঋণ গ্রহীতারা সমানে ঠিকানা পরিবর্তন করে। যে ঠিকানা আমাদের কাছে অছে সে ঠিকানায় খুঁজে পাওয়া যায় না।”

বিচারপতি বলেন, “বলছেন ঠিকানা পরিবর্তন করে, কিন্তু তাদের তো টকশোতে দেখি। কেউ ব্যবসা করে- কেউ ইটভাটা কেউ আবার কোল্ড স্টোরেজের। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়। যাই হোক আমরা তদন্তকারীও না প্রসিকিউশনও না। রাষ্ট্রের এতগুলো টাকা চলে গেল, এখন সংস্থা যদি কাজ না করে আমাদের তো করার কিছু নাই।

“এ রকম একটি বিধিবদ্ধ সংস্থা দিয়ে যদি কাজ না হয়, তাহলে তো থেকে লাভ নাই। এ নিয়ে কত কথা বললাম! এখন লজ্জায় চোখ ঢাকি। মনে হয়, কালো কাপড় দিয়ে মুখ ঢাকি কেন এত কথা বলেছি! আদেশ দিয়ে তো কোনো লাভ হয় না। মনে হয় উলু বনে মুক্তো ছড়ানো হয়েছে।”

এ পর্যায়ে ফজলুস সোবহানের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, ফজলুস সোবহান আর শিপার আহমেদ ছাড়া মামলার সব আসামি জামিনে। তার নামে ৪৮টি মামলা দেওয়া হয়েছে।

“কিন্তু ফজলুস সোবহানের বাপেরও কিন্তু সাধ্য নাই ঋণ অনুমোদন দেওয়ার। অথচ ৪৮টি মামলায় তাকে দায়ী বলা হয়েছে। অভিযোগ যেটা আছে সেটা যদি ধরেও নেই তাহলেও তো এক বছরের বেশি সাজা হবে না। তিনি তো জেলে আছেন প্রায় তিন বছর ধরে।”

শিপার আহমেদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু।

সব শেষে আদালত ফজলুস সোবহানের ১৫টি মামলায় জামিন আবেদনের মধ্যে ৫০ কোটি টাকার কম ঋণ অনিয়মের ছয় মামলা এবং শিপার আহমেদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার নিচে ঋণ অনিয়মের একটি মামলায় জামিনের বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখে।

পুরনো খবর:

বেসিক কেলেঙ্কারি: ৫৬ মামলার তদন্ত কর্মকর্তাকে হাই কোর্টে তলব