২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: পটুয়াখালীর ইসহাকসহ ৫ জনের রায় যে কোনো দিন

পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে যে কোনো দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 01:09 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

উভয় পক্ষের আইনি যুক্তিতর্ক শুনে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার মামলাটির রায় অপেক্ষমাণ রেখেছে।

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের দুই ধরনের অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছর বিচার শুরু হয়েছিল মানবতাবিরোধী অপরাধের এই পাঁচ আসামির।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও সালাম খান।

ইসহাক সিকদারের সঙ্গে এই মামলার অন্য চার আসামি হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সোলায়মান মৃধা।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধের সময় ১৭ জনকে হত্যা ও ১৫ নারীকে ধর্ষণের সুনির্দিষ্ট দুটি অভিযোগে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

“আসামিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ ১১ জন সাক্ষ্য দিয়েছেন। এদের মধ্যে ছয়জন সাক্ষী মুক্তিযুদ্ধের সময় এ আসামিদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। আর তদন্ত কর্মকর্তা ছাড়া বাকি সাক্ষীরা ভুক্তোভোগী পরিবারের সদস্য।”

সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে প্রসিকিউশন সক্ষম হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

“তাই প্রসিকিউশনের আইনি যুক্তিতর্কে পাঁচ আসামিরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।”

অন্যদিকে আসামিদের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যা ও ধর্ষণের যে দুটি অভিযোগ প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে এনেছে, সে বিষয়ে একটি প্রদর্শনী (এক্সিবিট) ট্রাইব্যুনালে জমা দিয়েছে।

“সেখানে বলা হয়েছে, ২০০৮ সালে সেক্টর কমান্ডারস ফোরাম এই ঘটনাটির তদন্ত করেছে। সেই তদন্ত প্রতিবেদনে এ দুটি ঘটনায় যেসব ব্যক্তিরা জড়িত বলে নাম এসেছে, সেখানে এই আসামিদের নাম নেই। এছাড়া যেসব ভিকটিম ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, সেক্টর কমান্ডার ফোরামের তদন্তের সময় তাদের ভিডিও জবানবন্দি নেওয়া হয়েছিল। সেখানে এই সাক্ষীরা এই পাঁচ আসামির কথা বলেনি।

“ফলে আমরা মনে করি আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, প্রসিকিউশন তা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই আসামিদের খালাস চেয়ছি।”

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই ৫ রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১ অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পাঁচ আসামিই কারাগারে আছে।

আসামিদের বিরুদ্ধে ১৭ জনকে হত্যা ও ১৫ নারীকে ধর্ষণের অভিযোগে ২০১৬ সালের ১৩ অক্টোবর বিচারপতি মো. আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ওই বছরের ১৭ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আদালত।

গত বছরের ৮ মার্চ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা-ধর্ষণের অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় পাঁচ আসামির।