২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাককর্মীকে ধর্ষণের মামলায় কারখানার দুই কর্মকর্তা রিমান্ডে

সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগের মামলায় কারখানাটির দুই কর্মকর্তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 07:42 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

ঢাকার মহানগর হাকিম আফসানা আবেদীন (রিমান্ড) মঙ্গলবার এই আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান।

আসামিরা হলেন- আশুলিয়ার কাঠগড়া একটি পোশাক কারখানার ফিনিশিং ইনচার্জ সোহানুর রহমান ওরফে শাহীন (৩২) এবং ফ্লোর ইনচার্জ রুবেল হোসেন (২৯)।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুল হক ডাবলু সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ঘটনায় সংশ্লিষ্ট পলাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামি রুবেল হোসেনের পক্ষে তার আইনজীবী আব্দুল খালেক রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে রুবেলকে মামলায় জড়ানো হয়েছে। চাকরি থেকে তাড়িয়ে দিতে এ ঘটনা সাজানো হয়েছে। শুনানিকালে শাহীনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলায় বলা হয়, কাঠগড়া দুর্গাপুর এলাকার ওই পোশাক কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। জরুরি শিপমেন্টের জন্য কারখানা কর্তৃপক্ষ রোববার রাতে শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করায়। সে সময় কারখানার চতুর্থ তলায় ওই শ্রমিককে ধর্ষণ করেন আসামিরা।

ওই ঘটনায় গ্রেপ্তার দুজনসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ বলেন, ধর্ষিতা ওই শ্রমিক বিবাহিতা। তিনি স্বামীর সঙ্গে কারখানার পাশের এলাকায় ভাড়া থাকেন।