২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিআরও নিয়োগে সেই পরিপত্রের সংশোধন চেয়ে মন্ত্রীকে স্মারকলিপি

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নিয়োগ ও পদায়নে তথ্য মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, তার সংশোধন চেয়েছে বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 06:19 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

এই সমিতির নেতারা সোমবার তাদের ইফতার মাহফিল ও আলোচনা সভার পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া স্মারকলিপিতে পরিপত্রটি সংশোধন করে পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের পছন্দের ব্যক্তিকে পিআরও নিয়োগের পথ বন্ধ করে গত ২১ মে পরিপত্র জারি করে তথ্য মন্ত্রণালয়। পরিপত্রে তথ্য (বেতার) ক্যাডারের কথা বলা হলেও বিসিএসে বেতারের জন্য আলাদা কোনো ক্যাডার নেই।

স্মারকলিপিতে বলা হয়েছে, “পরিপত্রে উল্লিখিত বিসিএস তথ্য (সাধারণ) এবং বিসিএস তথ্য (বেতার) ক্যাডার বলতে কোনো ক্যাডারের অস্তিত্ব নেই। উক্ত পরিপত্রে ক্যাডারের নাম সঠিকভাবে না লেখায় বাংলাদেশ বেতারে কর্মরত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তারা হতাশ, অসন্তোষ ও বিভ্রান্ত হয়েছেন।

“বিসিএস তথ্য ক্যাডারে বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী সমতাভিত্তিক নির্দেশনা দিলেও সেই তথ্য উপস্থাপন না করে এবং বৈষম্যের ধারা অব্যাহত রেখে জনসংযোগ কর্মকর্তা সংক্রান্ত যে পরিপত্র জারি করা হয়েছে তা সংশোধনপূর্বক পুনঃবিবেচনার দাবি জানাচ্ছি।”

১২১ (ক) কোডে সহকারী পরিচালক, তথ্য কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা বা সমমানের পদ, ১২২ (খ) কোডে সহকারী পরিচালক (অনুষ্ঠান) এবং ১২৩ (গ) কোডে সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে তথ্য ক্যাডারের কর্মকর্তারাদের পদায়ন করে সরকার।

স্মারকলিপিতে বলা হয়েছে, “পিআরও পদটি স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, দপ্তরের এমন একটি পদ, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রিভিলেজড পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিসিএস তথ্য নিয়োগ বিধিমালার তফসিলেও বিসিএস (তথ্য) ক্যাডারের অন্তর্ভুক্ত পদগুলোর মধ্যে পিআরও পদটি নেই।

“তবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পিআরও পদায়ন ও বদলি করা হয়ে থাকে। পরিপত্রে পিআরও পদটি শুধু বিসিএস (তথ্য) কোড নং-১২১ এর এককভাবে বিবেচনার সুযোগ নেই।”

তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ বেতারের কর্মকর্তারা একই পদ্ধতিতে চাকরিতে স্থায়ী হলেও পিআরও পদায়নে পিআইডি ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়াকে বৈষম্যমূলক ও অযৌক্তিক দাবি করেছে বিসিএস তথ্য-সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি।

তথ্য অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তাদের পিআরও পদে পদায়ন করায় সরকারের উন্নয়ন প্রচার ও জনসংযোগের মান কমে যাচ্ছে বলেও দাবি করেছে কল্যাণ সমিতি।

বিসিএস (তথ্য) ক্যাডারের বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী উপ-সচিব পদসহ সকল পদে এন্ট্রি পদের সমানুপাতে পদোন্নতির নির্দেশনার কথা তুলে ধরে স্মারকলিপিতে বলা হয়েছে, সেই নির্দেশনা অনুসরণ করে ন্যায্যতার ভিত্তিতে বিসিএস (তথ্য) ক্যাডারের ১২১, ১২২ ও ১২৩ কোডের কর্মকর্তাদের পিআরও পদে সমানুপাতিক হারে পদায়ন করলে কর্মকর্তাদের মধ্যে বিরাজমান হতাশা, অসন্তোষ ও বৈষম্য নিরসন সম্ভব হবে।

পুরনো খবর:

বন্ধ হল মন্ত্রীর পছন্দে পিআরও নিয়োগের পথ