তিন বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
তিন বছর আগের এক হত্যাকাণ্ডের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রাজধানীর কদমতলী থানার একটি হত্যা মামলার আসামি লিপটনকে (৩১) সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, ২০১৫ সালের ৮ জুন কদমতলী থানার মুরাদপুর বাগিচা আদর্শ সড়কে ইলেকট্রিক দোকানের কর্মচারী মামুন (২০) ছিনতাইকারীর ছুরিতে আহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামুনের বাবা আব্দুর রাজ্জাক মামলা করেন।
পরে থানা পুলিশ তদন্তে নেমে ছিনতাইকারী সেকান্দার, ইস্কান্দার, সোহেল রানা, শিফাত ও নিশাতকে পুলিশ গ্রেপ্তার করে।
কিন্তু লিপটনের ঠিকানা না পাওয়ার কথা উল্লেখ করে থানা পুলিশ তাকে বাদ দিয়েই আদালতে অভিযোগপত্র দেয়। কিন্তু আদালত অভিযোগপত্র গ্রহণ না করে মামলাটি পিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দেয়।
পিবিআই ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, তদন্তের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন সূত্র এবং প্রযুক্তি ব্যবহার করে লিপটনের সন্ধান পাওয়া যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
লিপটনের বাড়ি চাঁদপুরের হাইমচরের পূর্বচর কৃষ্ণপুরে।
পুলিশ কর্মকর্তা বশির আহমেদ বলেন, “প্রাথমিক জিজ্ঞানাবাদে লিপটন হত্যার কথা স্বীকার করে বলেছে ছিনতাইয়ের সময় সে ঘটনাস্থলে ছিল। ছিনতাইয়ে বাধা পাওয়ায় সে মামুনকে ছুরিকাঘাত করে।”
লিপটনের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
