চার দিনের সফরে ঢাকায় থাই রাজকুমারী
চার দিনের সফরে ঢাকায় এসেছেন থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে এই সফরে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন এবং কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।
সোমবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে থাই রাজকুমারীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাই সরকারের ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা সিরিনধর্ন। এর আগে ২০১১ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন।
এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন থাই রাজকুমারী । এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে বৈঠক করবেন।
পাহাড় ধস প্রতিরোধে ৩০ মে চট্টগ্রামের টাইগার পাসে ‘বাংলাদেশ-থাইল্যান্ড ভেটিভার গ্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর উদ্বোধন করবেন তিনি। পরিবেশ সংরক্ষণে নেওয়া নতুন এই প্রকল্প বাস্তবায়নে পরিবেশ ও বন মন্ত্রনালয় সহযোগিতা দিচ্ছে।
ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর ছাড়াও চট্টগ্রামের জাতি-তাত্ত্বিক জাদুঘর দেখতে যাবেন থাই রাজকুমারী। ঢাকা ক্যান্টনমেন্টের প্রয়াস ইন্সটিটিউটে অটিস্টিক শিশুদের সঙ্গেও সময় কাটানোর কথা রয়েছে তার।
উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুরে মারিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থায় যাবেন থাই রাজকুমারী । তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।
থ্যাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এর আগে বলেছিলেন, সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড থেকে এটাই সবচেয়ে উচ্চ পর্যায়ের সফর।
গত কয়েক বছরে বাংলাদেশ-থাইল্যান্ডের সম্পর্ক ভিন্ন মাত্রায় পৌঁছেছে। গত বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দশকের মধ্যে প্রথমবারের মত যৌথ কমিশনের সভায় বসেন। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়।
থ্যাইল্যান্ডের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল চলতি মাসেই ঢাকা সফর করে।
দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০১৬ সালের ১০০ কোটি ডলার থেকে বেড়ে গতবছর ১৩০ কোটি ডলার হয়েছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে এই পরিমাণকে ২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছে।
