২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি অবসায়নে হাই কোর্টের নোটিস ৪ সপ্তাহ স্থগিত

গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মুখে থাকা ডেসটিনি-২০০০ লিমিটেডের অবসায়ন বা অবলুপ্তির বিষয়ে হাই কোর্টের কারণ দর্শানোর নোটিস চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 03:07 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম বদরুদ্দোজা।

আইনজীবী বদরুদ্দোজা পরে সাংবাদিকদের বলেন, হাই কোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ আরও চার সপ্তাহ বজায় থাকবে। এর মধ্যে আবেদনকারীদের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। 

গত ১৫ মে ডেসটিনি ২০০০ লিমিটেডকে অবলুপ্ত বা অবসায়ন করতে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলে হাই কোর্ট।

রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস এবং ডেসটিনি ২০০০ লিমিটেডকে এর জবাব দিতে বলা হয়।

এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হলে ২১ মে চেম্বার আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করে ২৭ মে শুনানির জন্য আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায়।

সোমবার আপিল বিভাগ শুনানি নিয়ে সে স্থগিতাদেশ চার সপ্তাহ বাড়িয়েছে। 

যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানি তার কাজকর্ম গুটিয়ে ফেলে, দায়-দেনার নিষ্পত্তি করে, তাকে কোম্পানির অবসায়ন বলা হয়।

রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এবং ডেসটিনি ২০০০ লিমিটেডকে এর জবাব দিতে বলা হয়।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে বিলম্ব মার্জনা ও বার্ষিক সাধারণ সভা করা অনুমতি চেয়ে আবেদন করে কেম্পানিটির পরিচালক, সাবেক সেনা প্রধান হারুন-অর-রশীদ ও কোম্পানির পাঁচ অংশীদার। সে আবেদনের শুনানি নিয়েই আদালত কারণ দর্শানোর আদেশ দেয়।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে বিলম্ব মার্জনা চেয়ে করা আবেদনটি কেন অবলুপ্ত বা অবসায়নের আবেদন হিসেবে বিবেচনা করা হবে না এবং ডেসটিনি ২০০০ লিমিটেডকে কেন অবলুপ্ত বা অবসায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

হারুন-অর-রশীদ ছাড়া বাকি পাঁচ আবেদনকারী হলেন- কাজী মোহাম্মদ আশরাফুল হক, মো. সাইফুল আলম রতন, সিরাজুম মুনীর, মো. জাকির হোসেন ও বিপ্লব বিকাশ শীল।

দুর্নীতির মামলায় জর্জরিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ডেসটিনি ২০১২ সাল থেকে কার্যত বন্ধ।

পুরনো খবর:

ডেসটিনি কেন বিলুপ্ত হবে না, প্রশ্ন হাই কোর্টের