ধানমণ্ডিতে গাছচাপায় বিডা কর্মকর্তার মৃত্যু
রাজধানীর ধানমণ্ডিতে গাছের চাপায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মোস্তাফিজুর রহমান নামের ৫০ বছর বয়সী ওই সরকারি কর্মকর্তা বিডার একজন পরিচালক ছিলেন। ধানমণ্ডির ৭ নম্বর রোডে তার বাসা।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডির সুধাসদনের বিপরীত পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে তার ওপর পড়ে বলে ধানমণ্ডি থানার এসআই মো. খায়রুল ইসলাম জানান।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তাদের মোহাম্মদপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে মোস্তাফিজুর রহমানকে মৃত অবস্থায় পায়।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (রেজিস্ট্রেশন অ্যান্ড ইনসেনটিভ লোকাল ইন্ডাস্ট্রি) তৌহিদুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোস্তাফিজুর রহমান আগে বেসরকারীকরণ কমিশনের পরিচালক ছিলেন। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত হয়ে বিডা গঠনের পরও তাকে এ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
লক্ষ্মীপুরের সন্তান মোস্তাফিজুর রহমান একজন টেক্সটাইল প্রকৌশলী। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা মোস্তাফিজ সরকারি চাকরিতে আসার আগে ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও কাজ করেছেন।
