২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিনির্ভর সেবায় কমবে দুর্নীতি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদেরকে সেবার মান ও গতি বাড়াতে সক্ষম নতুন নতুন ধারণা উদ্ভাবনে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 08:56 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার পরিধি বাড়াতে পারলে এই বিভাগে দুর্নীতির কমবে বলেও মনে করেন তিনি।

বুধবার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানির সমন্বয়ে অনুষ্ঠিত ‘ইনোভেশন শোকেসিং’ শিরোনামের এক প্রদর্শনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর বিদ্যুৎ ভবনে এই আয়োজনে কর্মকর্তাদের ৪০টি উদ্ভাবনী উদ্যোগের ধারণা থেকে নির্বাচিত ১৬টি উদ্যোগ বা ইনোভেটিভ আইডিয়া প্রদর্শন করা হয়। এসব ধারণা ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

এসবের মধ্যে রয়েছে- পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ চলে যাওয়ার আগে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানানোর প্রযুক্তি, পিওএস মেশিনের মাধ্যমে প্রি-পেইড মিটারের গ্রাহকদের বিল পরিশোধসহ অন্যান্য।

প্রতিমন্ত্রী বলেন, “যেসব ইনোভেশন প্রদর্শন করা হচ্ছে তা বিদ্যুৎ বিভাগের জন্য নতুন হলেও সারা বিশ্বে এগুলো খুবই পরিচিত। তবে বাস্তবিক অর্থে কর্মকর্তাদেরকে এসব প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত করে তোলাই এখনকার লক্ষ্য।

“প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে চাহিদা-যোগানের ভারসাম্য করা গেলেই আগামী তিন বছরের মাথায় বিদ্যুৎ বিভাগ পেপারলেস অফিস হবে। সে দিকেই যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, সেবা খাতে প্রযুক্তির নতুন নতুন সংযোজনের ফলে দুর্নীতির পথ বন্ধ হবে। কর্মকর্তাদের উদ্ভোবনী চেষ্টা অব্যাহত রাখতে হবে।

এক্ষেত্রে বিভাগের দুর্নীতিপ্রবণ স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে বাধা আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, “কেউ এসব কাজের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। তবুও সার্ভিস অরিয়েন্টেড ইনোভেশন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।”

বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিতরণ কোম্পানি ডিপিডিসি, ডেসকো এবং ওজোপাডিকোকে সেরা উদ্ভাবনের জন্য পুরস্কার দেওয়া হয়।