২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি চান ৩৬তম বিসিএস নন-ক্যাডার সুপারিশবঞ্চিতরা

৩৬তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে চাকরিতে নিয়োগের দাবি জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 10:36 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৩৬তম বিসিএস নন-ক্যাডার (সুপারিশ বঞ্চিত) প্রার্থীদের পক্ষে জহিরুল ইসলাম বলেন, আগামী ১০ মের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শূন্যপদে ৩৬তম বিসিএস নন-ক্যাডার সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবি করছেন তারা। তা না হলে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা।

তারা ‘মারাত্মকভাবে বৈষম্যের শিকার’ হয়েছেন দাবি করে জহিরুল বলেন, ৩৬তম বিসিএসে উত্তীর্ণ ৫ হাজার ৬৩৩ জন প্রার্থীর মধ্যে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে এবং ক্যাডারে পদ স্বল্পতার জন্য ৩ হাজার ৩০৮ জনকে নন-ক্যাডার তালিকায় রাখা হয়। তার মধ্যে ২ হাজার ৭০০ জন প্রার্থী নন-ক্যাডারে চাকরির জন্য পিএসসিতে আবেদন করলেও ১ হাজার ২৬৯ জনকে সুপারিশ করে সুপারিশ সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করা হয়েছে।

“প্রায় তিন বছর ধরে কঠোর সাধনার মাধ্যমে বিসিএসের মতো তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েও আমরা নিয়োগ পাইনি।”

এএফএম ফয়জুল ইসলাম নামে তাদের আরেকজন বলেন, “কিছু মন্ত্রণালয় থেকে ৩৬তম বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগের জন্য বরাদ্দকৃত পদ পিএসসিতে পৌঁছলেও বিলম্বের কারণ দেখিয়ে উক্ত পদগুলোতে যোগ্য প্রার্থী থাকার পরেও সুপারিশ করা হয়নি।

“বিভিন্ন সূত্র আমরা জেনেছি, ৩৬তম বিসিএস নন-ক্যাডারদের জন্য বিভিন্ন মন্ত্রণালয় (যেমন- ভূমি মন্ত্রণালয়, ব্যানবেইস, নিপোর্ট) থেকে বরাদ্দকৃত পদে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও আমাদের না দিয়ে পিএসসি ৩৭তম বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগের জন্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।”

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘৩৬তম বিসিএস নন-ক্যাডারদের জন্য বরাদ্দকৃত ১৫২টি’ পদসহ অন্যান্য মন্ত্রণালয় থেকে (ব্যানবেইস, নিপোর্ট ইত্যাদি) পাঠানো পদগুলোতে সুপারিশ করা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেক উপজেলার প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ এবং বয়সের হালনাগাদ সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে সুপারিশ বঞ্চিত সবাইকে নিয়োগ দেওয়ার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তাপসী রাবেয়া, ফেরদৌসী আক্তার, মো. মোজাম্মেল হোসেন, মো. ওবায়দুর রহমান, মো. সফিউল আলম প্রমুখ।