২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক হয়ে সিডনির পথে প্রধানমন্ত্রী

ব্যাংককে যাত্রাবিরতি শেষে তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার সিডনির পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

ব্যাংকক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 07:11 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

পুরনো খবর:

অস্ট্রেলিয়ার পথে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে এই সফরেই তিনি নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এই সফরে তার সঙ্গী হয়েছেন।

থাইল্যান্ডের স্থানীয় সময় বিকাল ৫টায় প্রধানমন্ত্রী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতী করেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি সিডনির উদ্দেশ্য রওনা হন।

থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী কোবোসাক পুত্রাকুল এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় শুক্রবার সকালে সিডনি পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

সফরের প্রথম দিন সকালেই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট দাং থি নাও থিনয়ের সঙ্গে সেখানে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।

শুক্রবার সন্ধ্যায় সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর হাতে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে।

নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে তাদের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সেখানে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘গ্লোবাল সামিট অব উইমেন’ এ পুরস্কার দিচ্ছে।

সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। বিকালে সিডনিতে অস্ট্রেলিয়ার সরকার প্রধানের বাসভবনে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

ওই বৈঠকে শিক্ষা, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও বিদ্যুৎ, কৃষি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে বলে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

শনিবার সন্ধ্যায় সিডনির সোফেটেল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। সফর শেষে রোববার বিকালে তিনি দেশের উদ্দেশ্য রওনা হবেন।

২২তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সর্বশেষ ২০১১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।