২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরে বৈসাবি

পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে হর্ষ-উৎসবে নগরে নববর্ষকে স্বাগত জানালেন রাজধানীতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাগরিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2018, 05:17 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করে বৈসাবি উৎসবের।

উৎসবের অংশ হিসেবে মানিক মিয়া এভিনিউয়ে সকাল ৯টায় শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Image
বৈসাবি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ক্রিসেন্ট লেকে ফুল ভাসান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। ছবি: মোস্তাফিজুর রহমান

বৈসাবি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ক্রিসেন্ট লেকে ফুল ভাসান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ। ছবি: মোস্তাফিজুর রহমান

পরে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা চন্দ্রিমা উদ্যান সংলগ্ন ক্রিসেন্ট লেকে গিয়ে ফুল ভাসানোর মাধ্যমে বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা পালন করেন।

এসময় হাসানুল হক ইনু বলেন, “বৈশাবি উৎসব শুধু পাহাড়িদের নয়, এটি সমতলে বসবাসরত সকলের প্রাণের উৎসব। সমতল ও পাহাড়ের বাসিন্দাদের যৌথ অংশগ্রহণে এই উৎসব সার্বজনীন রূপ লাভ করেছে। এ উৎসবের সাথে ধর্মের কোনো সংঘর্ষ নেই।”

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের পথে বৈসাবি উৎসবের বার্তা ভূমিকা রাখবে বলেও মনে করেন ইনু।

Image
বৈসাবি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ক্রিসেন্ট লেকে ফুল ভাসান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী। ছবি: মোস্তাফিজুর রহমান

বৈসাবি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ক্রিসেন্ট লেকে ফুল ভাসান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী। ছবি: মোস্তাফিজুর রহমান

শোভাযাত্রায় যোগ দিতে এসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা সুশোভন চাকমা বলেন, “নদীতে বা জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। আজ থেকে আগামী তিন দিন আমরা বিহারে বিশেষ প্রার্থনা করব। বিশেষ প্রার্থনায় আমরা জগতের সকল প্রাণীর জন্য সুখ ও শান্তি কামনা করব।”

বর্ষবিদায় এবং বর্ষবরণ উপলক্ষে প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে বৈসাবি উৎসব পালন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা। 

চাকমারা ‘বিজু’, মারমারা ‘সাংগ্রাইং’, ত্রিপুরারা ‘বৈসুক’, তঞ্চঙ্গ্যারা ‘বিষু’ এবং অহমিকারা ‘বিহু’ উৎসব পালন করে। পার্বত্যাঞ্চলে বসবাসরত এগারো ভাষাভাষীর ১৪টি ক্ষুদ্র পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষ এই তিনদিনকে প্রধান সামাজিক উৎসব হিসেবে পালন করে থাকেন।

শোভাযাত্রায় যোগ দিতে এসে সৈকত চাকমা জানান, চাকমারা ১২ এপ্রিল ফুল বিজু, ১৩ এপ্রিল মূল বিজু উদযাপন করবে। পরে তারা ১৪ এপ্রিল ‘গোজ্যাপোজ্যে’ বা নতুন বর্ষবরণ উৎসব পালন করবেন।