২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু কোটা সংস্কারে হবে না, চাই নতুন কর্মসংস্থান: ছাত্র ইউনিয়ন

সরকারি চাকরিতে নিয়োগের কোটা সংস্কারের দাবির পাশাপাশি বেকার সমস্যা সমাধানে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 11:11 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, বাংলাদেশের বেকারদের ৪৭ ভাগ স্নাতক পাস।

“শুধু কোটা সংস্কার করে এই বিপুল বেকার সমস্যা নিরসন সম্ভব নয়। প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।”

দেশীয় শিল্পে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান তৈরি ও কর্মমুখী শিক্ষাকে উৎসাহিত করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে কোটা ব্যবস্থার সংস্কারসহ ছয়টি দাবি তুলে ধরা হয়।

তার মধ্যে রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও উপাচার্যের বাসভবনে হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার ও বহিষ্কার, প্রক্টরের পদত্যাগ এবং হলগুলোতে নির্যাতন বন্ধের পদক্ষেপ নেওয়া।

পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে লিটন নন্দী বলেন, “জনগণের ন্যায্য অধিকারের আন্দোলনকে দমন করায় এই ঘৃণ্য প্রক্রিয়া একটি অহিংস আন্দোলনকে সহিংস করায় উস্কানি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষিত কোটা বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট পর্যালোচনার দাবি করছে ছাত্র ইউনিয়ন। কোটার ক্ষেত্রে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাধান্য দেওয়ার পক্ষে তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন বলেন, “আমরা কোটা ব্যবস্থার বিলীন চাই না, আমরা এর যৌক্তিক সংস্কার চাই।”

শিক্ষার্থীদের আন্দোলনে শুরু থেকেই সমর্থন ছিল জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন যেহেতু সাধারণ শিক্ষার্থীদের, সেখানে আমরা নিজেদের রাজনৈতিক ব্যানার নিয়ে যাইনি। কিন্তু আমাদের অনেক নেতাকর্মী আন্দোলনে রয়েছে।”

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাসও ছিলেন।