‘হেফাজতের প্রেসক্রিপশনে বর্ষবরণ অনুষ্ঠানের সময় নিয়ন্ত্রণ’
হেফাজতে ইসলামের ‘প্রেসক্রিপশন মেনে’ সরকার বাংলা নববর্ষ উদযাপনে উন্মুক্ত আয়োজনের সময়সীমা বেঁধে দিয়েছে বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।
পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের সময় নিয়ন্ত্রণ এবং মুখোশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে উদীচীর সাবেক সভাপতি এই অভিযোগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উদীচী।
কামাল লোহানী বলেন, “হেফাজতে ইসলামের প্রেসক্রিপশন মেনে সময় সঙ্কোচনের এ সিদ্ধান্ত এসেছে। এ ঘোষণার মাধ্যমে সরকার সাম্প্রদায়িক অপশক্তির হাতে অস্ত্র তুলে দিচ্ছে।”
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
গত ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, নববর্ষের উন্মুক্ত আয়োজন বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে ঘরোয়া আয়োজন রাত অবধি চলতে পারে।
সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও এর সমালোচনা করেছেন।
সময়সীমা বেঁধে দেওয়ার প্রতিবাদে উদীচী শিল্পীগোষ্ঠী শুক্রবার সারা দেশে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ডেকেছে। ওইদিন বিকালে ঢাকার শাহবাগে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন হবে।
সংবাদ সম্মেলনে উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন অভিযোগ করেন, নিরাপত্তার অজুহাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পহেলা বৈশাখের উৎসবের সময় সঙ্কোচনের নীতি গ্রহণ করেছে।
“বিকাল ৫টা পর্যন্ত পহেলা বৈশাখের উৎসবের সময় বেঁধে দিয়ে প্রকারন্তরে সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছে সরকার।
“সাধারণ মানুষ যেখানে এ উৎসবে স্বতঃস্ফূর্ত ও নির্ভীক সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অত্যুৎসাহী ভূমিকা এবং সরকারের ভয় আমাদের ক্ষুব্ধ করে তোলে। যেখানে মৌলবাদী গোষ্ঠীর হামলার হুমকিকে চ্যালেঞ্জ করে উৎসবকে অবারিত করার উদ্যোগ নেওয়া দরকার ছিল সেখানে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অপশক্তির হুমকিতে জড়োসড়ো।”
পহেলা বৈশাখের আয়োজনকে যেকোনোভাবে কালিমালিপ্ত করতে ‘সাম্প্রদায়িক অপশক্তি আরো বেপরোয়া হয়ে উঠেছে’ বলে অভিযোগ করেন উদীচী নেতারা।
বাঙালির চিরায়ত সাংস্কৃতিক উৎসবগুলোর বিরুদ্ধে বারবার বিষোদ্গার ও অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে ‘সংস্কৃতিশূন্য অমানবিক জাতিতে’ রূপান্তর করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সংবাদ সম্মেলনে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ইকবালুল হক খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
