২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটার বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কোটা সংস্কারের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 03:18 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

কোটা পদ্ধতি যাচাই-বাছাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোটা সম্পর্কে আমাদের মন্ত্রীরা অনেক কথা বলেছেন, আমার আর বলার কিছু নাই।

“প্রধানমন্ত্রী পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দিয়েছেন, তারা (কর্মকর্তারা) কাজ করছেন, তারা কাজ করুক তারপর আপনারা জানতে পারবেন।”

প্রধানমন্ত্রী নিজে যেহেতু এটা দেখছেন, সেহেতু এ নিয়ে আর ‘চিন্তা’ না করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধরতে বলেছেন।

দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। একটু ধৈর্য ধরুন। এই আন্দোলন বিদ্বেষ বা বিভাজনের রাজনীতির শিকার যেন না হয়। প্লিজ ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রী বিকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলবেন, তিনি কী বলবেন তার মুখ দিয়ে শুনুন।"

গত সোমবার সচিবালয়ে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা বৈঠকে ৭ মের মধ্যে কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওই প্রতিশ্রুতিতে শিক্ষার্থী প্রতিনিধিরা ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও পরে অন্য আন্দোলনকারীদের দাবির মুখে সেই অবস্থান থেকে সরে আসে। আন্দোলনকারীদের প্ল্যাটফরম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

সে অনুযায়ী বুধবার সকাল থেকে সারা দেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নামে। বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের অবরোধে অচল হয়ে যায় রাজধানীর রাজপথ।

বর্তমানে দেশে পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। প্রতিবন্ধী এক শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ও জেলা কোটা ১০ শতাংশ করে। সব মিলিয়ে কোটার জন্য বরাদ্দ ৫৬ শতাংশ। ফলে এর কোনো শ্রেণিতে যারা পড়েন না, তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বাকি ৪৪ শতাংশের জন্য।

এই পদ্ধতি সংস্কারের পাঁচ দফা দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর ব্যানারে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

তাদের দাবিগুলো হল- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।

প্রধানমন্ত্রী সরকারি চাকরির সব কোটা তুলে দিচ্ছেন এবং সন্ধ্যায় সংসদে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে ফেইসবুকে বার্তা দেওয়া হলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান চলছে। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকেই সুনির্দিষ্ট ঘোষণা চাইছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা বিদ্যমান কোটা পদ্ধতি যাচাই-বাছাইয়ে একটি কমিটি গঠনের কথা ভাবছিলেন। তবে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত দিয়ে দিলে তার আর প্রয়োজন হবে না। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মনে করতে পারেন যে কমিটি করার দরকার নেই, উনি একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন।”

সরকারের এই কর্মকর্তা বলেন, কোটা ব্যবস্থা তাদের নিয়মিতই পরীক্ষা করতে হয়, কেননা কোনো চিঠি ইস্যু করতে গেলেই বিষয়টি তাদের পরীক্ষা করে দেখতে হয়।

কোটা পদ্ধতি নিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছিল, তাতে বিন্দুমাত্র ভুল দেখছেন না জনপ্রশাসন সচিব।

তিনি বলেন, “সার্কুলারে কোনো ধরনের ভুল ছিল না। বিভিন্ন সময় যে বিভিন্ন সার্কুলার হয়েছিল তার সামারি করে দেওয়া হয়েছিল। … যারা কোটা নিয়ে কাজ করেন তাদের যেন ভুল না হয় সে বিষয়ে গাইডলাইন…।”

কোটা পদ্ধতির সংস্কার চেয়ে যে আন্দোলন চলছে এর মধ্যে ‘অন্য কারণ’ থাকতে পারে বলেও মনে করেন এই সরকারি আমলা।

কর্মকর্তারা কোটা পদ্ধতি পরীক্ষা করে দেখছেন জানিয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের কোনো নির্দেশ দেন, তাহলে আমরা তা তার কাছে তুলে ধরব। প্রধানমন্ত্রী ফাইনালি আমাদের একটা সিদ্ধান্ত দেবেন, তখন আমরা তা ব্যবহার করার চেষ্টা করব।”

পুরনো খবর:

কোটা সংস্কার আন্দোলন ‘চলবে’
কোটা নিয়ে যত কথা