সাংবাদিকদের আবারও আশ্বস্ত করলেন আইনমন্ত্রী
নানা আপত্তি উপেক্ষা করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক আবারও বলেছেন, সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
প্রস্তাবিত আইনটি সংসদে উত্থাপনের পরদিন মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
আনিসুল হক মনে করছেন, আইনের খসড়াটি সংসদে উত্থাপনের ফলে আলোচনার দ্বার উন্মোচিত হল।
গত জানুয়ারিতে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় পাস হওয়ার পর থেকে এনিয়ে সমালোচনা চলছে।
তথ্য-প্রযুক্তি আইনের বহুল আলোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বাতিল করে নতুন এই আইন হচ্ছে।
তবে নতুন আইনের ৩২ ধারা নিয়ে শুরু হয়েছে নতুন সমালোচনা। সাংবাদিকরা বলছেন, এই আইন সরকারি বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করবে।
ওই ধারায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি বেআইনিভাবে প্রবেশ করে কোনো ধরনের তথ্য উপাত্ত, যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে গোপনে রেকর্ড করে, তাহলে সেটা গুপ্তচরবৃত্তির অপরাধ হবে এবং এ অপরাধে ১৪ বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডর বিধান রাখা হয়েছে।
কালাকানুনের প্রতিবাদে সাংবাদিকরা
সাংবাদিকদের পাশাপাশি দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর আপত্তির মধ্যে সোমবার প্রস্তাবিত আইনটি সং সদে উত্থাপন করা হলে বিরোধী দলের এক সদস্যও একই সমালোচনা করেন।
মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী।
সমালোচনার পরও আইনটি সংসদে উত্থাপনের প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল যেটা হয়েছে। হাউসে উত্থাপন করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও বলা হয়েছে, এটা এখন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে যাবে।
“আমি আপনাদের বলতে চাই যখন এটা স্ট্যান্ডিং কমিটিতে যাবে, তখনও কিন্তু আলাপ-আলোচনা করার সময় থাকবে এবং আলাপ-আলোচনা হবে।”
৩২ ধারা নিয়ে সমালোচনার মুখে আইনমন্ত্রী গত ৬ ফেব্রুয়ারি বলেছিলেন, প্রয়োজন হলে ‘অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষায়’ ওই ধারায় একটি উপ ধারা যোগ করা যেতে পারে।
সে কথা মনে করিয়ে দেওয়া হলে আনিসুল হক বলেন, “গতকাল বিরোধীদলীয় মাননীয় সংসদ সদস্য ফখরুল ইমাম সাহেবও সেটা উল্লেখ করেছেন।
“যে উপধারার কথা বলা হয়েছিল, সেটি যদি প্রয়োজন মনে হয় এবং সেটি করলে যদি এমন দাঁড়ায় যে, ফ্রিডম অব এক্সপ্রেশন এবং ফ্রিডম অব স্পিচ ব্যাহত হবে না, তাহলে নিশ্চয়ই সেটা সংযোজন করা হবে।”
সংসদীয় স্থায়ী কমিটিই এই নিয়ে আলোচনার যথার্থ জায়গা বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
আনিসুল হক (ফাইল ছবি)
“বিলটা কারও সঙ্গে আলাপ-আলোচনা না করে উত্থাপন করা হয়েছে, কথাটা ঠিক না। বরং উত্থাপন করে আলাপ-আলোচনার দ্বার উন্মোচন করা হয়েছে।”
“আমি তো বলেছিই আপনাদের কোনো রকম উদ্বিগ্ন হওয়া উচিৎ না। আমি আরও বিষদভাবে আপনাদের বলব এক সময়, কেন উচিৎ না,” সাংবাদিকদের বলেন তিনি।
সাইবার ক্রাইমস ট্রাইব্যুনাল নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এই নতুন আইনটা ফাইনালাইজড হোক। এটাকে আরও ইনফ্রাস্ট্রাকচারালি (অবকাঠামোগত) এবং প্র্যাকটিক্যালি আরও শক্তিশালী করার জন্য যা করা দরকার আমরা করব।”
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে আইনমন্ত্রী বিশেষ জজ এবং জেলা ও দায়রা জজদের বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে তৎপর থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “বিচারকসহ বিচার সংশ্লিষ্ট সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে মনে রাখা দরকার, মানুষ নিরূপায় না হলে আদালতের দ্বারস্ত হয় না।
“আদালতই বিচারপ্রার্থী জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। কাজেই বিচারপ্রার্থীরা যাতে স্বল্প খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার লাভ করতে পারে, সেদিকে বিচারকদের খেয়াল রাখতে হবে।”
অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ।
