ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্তের আগে আলোচনা চায় সম্পাদক পরিষদ
মন্ত্রিসভায় অনুমোদিত ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করবে বলে মনে করছে সম্পাদক পরিষদ।
বাংলাদেশে মুদ্রিত সংবাদপত্রগুলোর সম্পাদকদের এই সংগঠনটি মঙ্গলবার এক বিবৃতিতে তাড়াহুড়া করে আইনটি সংসদে পাস না করে তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছে।
সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা তথ্য প্রযুক্তি আইন থেকে সরিয়ে সেগুলো আরও বিশদ আকারে যুক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।
নতুন আইনের ৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করবে বলে ইতোমধ্যে গণমাধ্যমে সংশ্লিষ্টরা এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে এক বৈঠকের পর সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের হয়রানিমূলক ৫৭ ধারা বাতিল করে ওই ধারার বিতর্কিত বিষয়গুলো প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে রেখে দেওয়া এবং এর পাশাপাশি আরও নতুন কয়েকটি কঠোর ধারা সংযোজন করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।”
কালাকানুনের প্রতিবাদে সংবাদকর্মীরা
প্রস্তাবিত নতুন আইনে যুক্ত ৩২ ধারাসহ বিতর্কিত ধারাগুলো খসড়া থেকে বাদ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
“ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় ডিজিটাল গুপ্তচরবৃত্তি প্রসঙ্গে অপরাধের ধরন ও শাস্তির যে বিধান রাখা হয়েছে, তা গণতন্ত্রের মৌলিক চেতনা এবং বাকস্বাধীনতায় আঘাত করবে। একই সঙ্গে তা স্বাধীন সাংবাদিকতাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার মতো পরিবেশ সৃষ্টি করবে।”
“প্রস্তাবিত এ আইন আরও কঠোর। সম্পাদক পরিষদ মনে করে, পুরনো আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের প্রক্রিয়ায় অংশীজনদের সংশ্লিষ্ট রাখা প্রয়োজন,” বলা হয় বিবৃতিতে।
