ভিসির বাড়িতে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চিহ্নিত করার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী মঙ্গলবার নিজের কার্ালয়ে সাংবাদিকদের বলেন, “তাদের বিরুদ্ধে ভাংচুরসহ আরও মামলা হবে। মামলা মামলার গতিতে হবে।”
গত রোববার কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রাখা শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে সরিয়ে দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘাত ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা ভিসির বাড়িতে মামলা করেছে তারা কেউ ছাত্র হতে পারে না। কোনো ছাত্র শিক্ষকের বাড়িতে এভাবে হামলা করতে পারে না। কোনো একটি পরিকল্পনা থেকে এটা করা হয়েছে।”
রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি তো বললাম এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। কোনো ছাত্র এই হামলা করতে পারে না।”
সেদিনের সংঘাতে একজনের মৃত্যুর গুজব ফেইসবুকে ছড়ানোর ঘটনায়ও মামলা হবে বলে জানান মন্ত্রী।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঘ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নাম এসেছে এ গুজব রটানোর ক্ষেত্রে।
এ প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমি কারো নাম বলছি না, আরও অনেকে থাকতে পারে। একজন যেটা প্রকাশ্যে এসেছে, সে তো এসেই গেছে। আরও যারা রয়েছে তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উসকানিদাতারা একটি লাশ চেয়েছিল: তথ্যমন্ত্রী
সরকারি চাকরির কোটা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা খেয়াল করেছি, কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলনের মধ্যে কতিপয় উদ্দেশ্যমূলকভাবে অন্তর্ঘাত নাশকতার ঘটনা ঘটিয়েছে। ছাত্রছাত্রীদের এই অন্তর্ঘাত নাশকতার সঙ্গে কোনো সম্পর্ক নাই।”
অতীতে নানা ইস্যুতে উসকানি দেওয়া হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “একই সময়ে খেয়াল করেছি, অতীতে রাজনৈতিক কিছু নেতানেত্রী এরকম কোনো সমস্যা দেখা দিলে সেখানে বাইরে থেকে তারা উসকানি দেয়, অতীতে বিএনপি এবং খালেদা জিয়া বিডিআর বিদ্রোহের সময় উসকানি দিয়েছে প্রকাশ্যে।
“হেফাজতের তাণ্ডবের সময় প্রকাশ্য বিবৃতি দিয়ে উসকানি দিয়েছে এবং জঙ্গি তাণ্ডবের সময় প্রকাশ্য বিবৃতি দিয়ে উসকানি দিয়েছে।আগুন সন্ত্রাসের সময়ও প্রকাশ্য বিবৃতি দিয়ে বিএনপি এবং খালেদা জিয়া উসকানি দিয়েছে।”
তথ্যমন্ত্রী বলেন, “এই যে উসকানিদাতারা কিন্তু একটা লাশ চেয়েছিল, লাশ পায় নাই। তাই তাদের দুঃখ।”
সরকার কোনো শ্রেণি-পেশার, ছাত্র-ছাত্রীদের আন্দোলন গায়ের জোরে সমাধান করতে চায় না বলেও উল্লেখ করে মন্ত্রী।
কোনো গুজব কিংবা উসকানিতে কান দিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে যাবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করবে বলে আশা প্রকাশ করেন ইনু।
