২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের বাসভবনে পরিকল্পিত হামলায় বহিরাগতরা: ঢাবি শিক্ষক সমিতি

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের মধ্যে গভীর রাতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে বহিরাগতরা হামলা চালিয়েছে বলে মনে করছে শিক্ষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 01:46 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সমিতির সংবাদ সম্মেলনে ‘বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার’ সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল বলেন, “বিশ্ববিদ্যালয় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে রাজনৈতিক মদদপুষ্ট হয়ে বহিরাগতদের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে।

“কোনো ছাত্র এ ধরনের ধংসাত্মক হামলা চালাতে পারে বলে মনে করি না। এছাড়া তারা হামলার পর মুখোশ পরিহিত অবস্থায় যখন পালিয়ে যায়, তখনই তারা বহিরাগত বলে বিষয়টি পরিস্কার।”

সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। গত ১৪ মার্চ তারা ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হন।

নানা কর্মসূচি পালনের পর রোববার পদযাত্রার কর্মসূচি দিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। বেলা আড়াইটার দিকে পাবলিক লাইব্রেরির সামনে তারা সমবেত হয়।

তারা সাড়ে চার ঘণ্টা গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর রাতে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট-কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের উঠিয়ে দেয়। এরপর বিক্ষোভ আর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

মধ্যরাতের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ব্যপারে অবগত আছেন। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সোমবার বেলা ১১টায় আন্দোলনকারীদের সঙ্গে বসার নির্দেশ দিয়েছেন।

এর পর রাত দেড়টা থেকে ২টার মধ্যে উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে ভ্যাপক ভাঙচুর করা হয়।

Image
ভেঙে ফেলা হয় উপাচার্যের বাসভবনের আসবাবপত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ভেঙে ফেলা হয় উপাচার্যের বাসভবনের আসবাবপত্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

মাকসুদ কামাল বলেন, “কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সরকারের একজন প্রতিনিধি এসে যখন সকাল ১১টায় আন্দোলনকারীদের সঙ্গে বসবেন বলেছেন। তাদেরকে আশ্বস্ত করার পর পরই একদল মুখোশধারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিসির বাসভবনে হামলা চালায়।"

লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে বর্বরোচিত হামলা, ভাঙচুর এবং সর্বোপরি উপাচার্যকে হত্যা চেষ্টার যে অপপ্রয়াস চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছে শিক্ষক সমিতি।”

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম বলেন, “উপাচার্য ভবনটি বিশ্ববিদ্যালয়ের একটি হেরিটেজ। এটাকে ধ্বংস করার চেষ্টা খুবই নিন্দনীয়, ন্যাক্কারজনক।”

ভিসি ভবনসহ বিশ্ববিদ্যালয় এলাকায় তাণ্ডবলীলা চালানোর প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের অংশগ্রহণে মানবন্ধনের কর্মসূচি দিয়েছে শিক্ষক সমিতি।

পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার বিকাল ৪টায় বৈঠকে বসবে শিক্ষক সমিতি।

এদিকে রোববার রাতে উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে যে হামলা-ভাঙচুর হয়েছে, তার সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই বলে আন্দোলনের নেতাদের দাবি। তারাও বলছেন, ‘বাইরের সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে।

পুরনো খবর:

উপাচার্যের বাসভবনে তাণ্ডব
প্রাণনাশের জন্য হামলা: উপাচার্য