২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান আসামিতে ‘আটকে’ আদনান হত্যার তদন্ত

ঢাকার উত্তরায় কিশোরদের রেষারেষিতে স্কুলছাত্র আদনান কবির হত্যাকাণ্ডের পর বছর পেরিয়ে গেলেও পুলিশ এখনও তদন্ত শেষ করতে পারেনি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 09:31 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

আদালতে তারিখের পর তারিখ পড়লেও তদন্ত কর্মকর্তা উত্তরা (পশ্চিম) থানার ওসি পুলিশ পরির্দশক মো. আব্দুর রাজ্জাক তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় বিচার শুরু হয়নি।

মঙ্গলবারও প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে না পারায় ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আগামী ২৪ মে পরবর্তী তারিখ রেখেছেন।

কেন দেরি হচ্ছে- জানতে চাইলে ওসি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার প্রধান একজন আসামিকে আমরা এখনও গ্রেপ্তার করতে পারিনি।

Image
নিহত আদনান কবির

নিহত আদনান কবির

“গ্রেপ্তার ২৪ জনের বাইরে  উত্তরা, দক্ষিণখান, উত্তরখানের আরও অনেক বখাটে ছেলে রয়েছে, যাদের নাম ঠিকানা উদ্ধার করে গ্রেপ্তারের উদ্যোগ রয়েছে। যে কারণে তদন্ত প্রতিবেদন জমায় একটু দেরি হচ্ছে।”

প্রতিবেদন কবে জমা হতে পারে- প্রশ্ন করা হলে তিনি বলেন, “চেষ্টা চলছে এ মাসের শেষের দিকে জমা দেওয়ার জন্য।”

গত বছরের  ৬ জানুয়ারি আদনান খুন হওয়ার পর তার বাবা কবির হোসেনের দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৪ আসামির মধ্যে এখন কারাগারে রয়েছে সাতজন, জামিনে রয়েছে ১৭ জন।

এদের মধ্যে ১৪ জন ১৬৪ ধারায় নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট  আদালতের কর্মকর্তা এসআই মো. শওকত আকবর।

Image
উত্তরার এই সড়কেই খুন হয় আদনান কবির

উত্তরার এই সড়কেই খুন হয় আদনান কবির

এলাকার কিশোরদের দলাদলিতে খুন হয়েছিলেন উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান (১৪)। ১০/১৫ জন কিশোর-তরুণ ধাওয়া করে আদনানকে ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

স্থানীয় কিশোর-তরুণদের দল ‘ডিসকো বয়েজ’ এর সঙ্গে আরেক দল ‘নাইনস্টার’ এর দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয় বলে পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। নিহত আদনান ‘নাইনস্টার গ্রুপের’ সদস‌্য ছিলেন বলে পুলিশ কর্মকর্তাদের দাবি।

হত্যাকাণ্ডের পর আদনানের বাবা মো. কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় নয়জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের সবার বয়স ১৬ থেকে ২২ বছরের মধ‌্যে।

Image
আদনানের উপর হামলার আগে ‘ডিস্কো’ গ্রুপের ফেইসবুক পাতায় এই ছবি তোলা হয়, যাতে কয়েকজনের হাতে লাঠি-রড দেখা যাচ্ছে

আদনানের উপর হামলার আগে ‘ডিস্কো’ গ্রুপের ফেইসবুক পাতায় এই ছবি তোলা হয়, যাতে কয়েকজনের হাতে লাঠি-রড দেখা যাচ্ছে

এজাহারভুক্ত আসামিরা হলেন- নাফিজ মো. আলম ওরফে ডন (১৯), নাঈমুর রহমান অনিক (১৯), সাদাফ জাকির (১৬), রায়হান আহমেদ সেতু (১৯), রবিউল ইসলাম (১৮), মো.আখতারুজ্জামান ছোটন (১৯), আহমেদ জিয়ান (১৯), খন্দকার শুভ (১৮) ও নাজমুস সাকিব (২২) ।

২০১৬ সালে ‘নাইনস্টার গ্রুপের’ নেতা ‘তালাচাবি রাজু’কে ছুরিকাহত করেছিল ‘ডিসকো গ্রুপের’ সদস্যরা। তারপর থেকে তাদের দ্বন্দ্ব চলছিল। আদনান হত‌্যাকাণ্ডের আসামি নাফিজ আগের ঘটনায় অর্থাৎ রাজুর উপর হামলার মামলায়ও আসামি।

আদনান হত্যাকাণ্ডের পর কিশোরদের সোশাল মিডিয়াভিত্তিক এই সব দলের নাম গণমাধ্যমে উঠে আসে।

পুরনো খবর:

উত্তরায় স্কুলছাত্র খুনের পেছনে ‘ডিসকো আর নাইনস্টার গ্রুপের দ্বন্দ্ব’