স্থানীয় সরকার সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
রায়ের নির্দেশনা অনুসরণ না করায় স্থানীয় সরকার সচিব ড. জাফর আহমেদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট।
একটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল দেয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. জুলিয়া মঈন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিক, পিরোজপুরের নাজিরপুরে উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার বিরুদ্ধেও এই রুল হয়েছে।
আদালতের রায়ের নির্দেশনা প্রতিপালন না করায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
আগামী চার সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনের পক্ষে শুনানিকারী আইনজীবী শামীমা ইসলাম মৌ মামলার বিস্তারিত তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বছর আগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার অফিস সহায়ক পদে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মো. শেখ সাদেককে স্থায়ী নিয়োগ না দিয়ে একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ।
সাদেক তখন নিয়োগ বিজ্ঞপ্তিটি চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করলে ২০১৫ সালের ৯ মার্চ আদালত রায় দেয়। সে রায়ে সাদেককে স্থায়ী নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়।
হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে সরকার আপিলের আবেদন করলে আপিল বিভাগ তা খারিজ করে দেয়। পরবর্তীতে সরকারের পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয় সর্বোচ্চ আদালত থেকে।
“এরপরও সাদেক স্থায়ী নিয়োগ না পেয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রিট মামলা করেন। সেই রিটের শুনানি নিয়ে আদালত সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে,” বলেন শামীমা।
