২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমব্রয়ডারি কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু

ঢাকার মিরপুরের পূর্ব কাজীপাড়ায় এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 03:23 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১০টার দিকে আল আমিন নামে ১৯ বছর বয়সী ওই তরুণের মৃত্যু হয়।

আল আমিন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চার দিন আগের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে এ নিয়ে দুইজনের মৃত্যু হল।

গত ৩০ মার্চ রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে পূর্ব কাজীপাড়ার ‘সাদিক এমব্রয়ডারি’ নামের ওই কারখানায় আগুন লাগে। সে সময় কারখানার ভেতরে ঘুমিয়ে থাকা পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন দগ্ধ হন।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩১মার্চ বিকালে মাসুম (১৮) নামে একজনের মৃত্যু হয়।

ওই তিনজনের মধ্যে মহিউদ্দীন (২০) এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন বলে জানান বাচ্চু মিয়া।