২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা জালাল হত্যা: এক আসামির জবানবন্দি

ঢাকার মিরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিন হত্যাকাণ্ডের মামলায় এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 10:52 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

নুর মোহাম্মদ মানিক নামে এই আসামি সোমবার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলমের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মানিককে গ্রেপ্তারের পরে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, মানিক ‘স্বেচ্ছায়’ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চেয়েছিলেন।

এর আগে গত ২২ মার্চ মামলার প্রধান আসামি মো. হাসান মাহমুদের (২৬) স্ত্রী তানিয়া বেগম আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি তার জবানবন্দিতে বলেন, ঘটনার দিন রাতে হাসানের বন্ধু মানিক বাসায় আড্ডা দিতে আসেন। তারা দুজন বাসার দ্বিতীয় তলায় ছাদের ওপর আড্ডা দিতে থাকেন। আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে পর পর দুটি গুলির শব্দ শুনতে পান তিনি। এরপর দৌড় দিয়ে ছাদে গিয়ে তার স্বামী হাসানের হাতে অস্ত্র দেখতে পান। গুলি করার পরপরই হাসান ও তার বন্ধু মানিক বাড়ির ছাদের দক্ষিণ পাশের সানশেড দিয়ে পালিয়ে যান।

গত ১৯ মার্চ মধ্যরাতে মধ্য পীরেরবাগ এলাকায় আলিমুদ্দিন স্কুলসংলগ্ন ১০৫/এ/১ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জালাল।

ওই ঘটনায় গত ২১ মার্চ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন ডিবির এসআই শামীম আহমেদ। মামলায়হাসান মাহমুদসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

গত ২২ মার্চ রাতে পীরেরবাগ ৬০ ফুট রাস্তার ভাঙা ব্রিজ শাপলা হাউজিং এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় হাসান মাহমুদ নিহত হন।

পুরনো খবর:

গোয়েন্দা জালাল খুন: হোতা ‘চিহ্নিত’, সহযোগী ৪ জন
মিরপুরে ‘পরিদর্শক জালাল হত্যার সন্দেহভাজন’ কথিত বন্দুকযুদ্ধে নিহত