ডাকসুর দাবিতে ফের অনশনে ওয়ালিদ
ডাকসু নির্বাচনের দাবিতে ফের অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধকালীন স্নাতকোত্তরের ছাত্র ওয়ালিদ আশরাফ।
এর আগে একই দাবিতে ২০১৭ সালের ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে বসেছিলেন তিনি। টানা ১৫ দিনের অনশনের পর উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের আশ্বাসের পর উঠেছিলেন তিনি।
এবার অনশনে বসার কারণ হিসেবে গত বছরের ১০ অক্টোবর হাই কোর্টের দেয়া ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ছয় মাসের মধ্যে সিনেট পূর্ণাঙ্গ’ করার রায়টিকে দেখাচ্ছেন ওয়ালিদ আশরাফ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট বলেছে, ছয় মাসের মধ্যে সিনেট পূর্ণাঙ্গ করতে হবে। আর ডাকসু নির্বাচনের মাধমে সিনেটে ছাত্র প্রতিনিধি না থাকলে সিনেট অপূর্ণাঙ্গই থাকবে। এই এপ্রিলের ১০ তারিখে সেই রায়ের ৬ মাস হবে। অথচ কর্তৃপক্ষ নির্বাচনের কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি।”
উপাচার্য প্যানেল নির্বাচন নিয়ে ১০ অক্টোবরের ওই আদেশের পর এবছরের ১৭ জানুয়ারি ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাই কোর্ট।
এর প্রথম পদক্ষেপ হিসেবে ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০১৯ সালের মার্চের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার লক্ষ্য নির্ধারণের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন উপাচার্য আখতারুজ্জামান।
এরপর থেকেই বিভিন্ন সভা-সমাবেশে তিনি ডাকসু নির্বাচনের ব্যাপারে ‘প্রশাসন প্রস্তুতি নিচ্ছে’ বলে জানিয়ে আসছেন।
ওয়ালিদের অনশনের বিষয়ে উপাচার্য আখতারুজ্জামানকে ফোন করা হলে তিনি কিছু ‘জানেন না’ বলে জানান।
অনশনের কারণ জানানো হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঠিক আছে। থাকুক।”
গত বছরের ৯ ডিসেম্বর ওয়ালিদ আশরাফের অনশন ভাঙিয়েছিলেন উপাচার্য (ফাইল ছবি)
তবে এবার আর আগের মতো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন না ওয়ালিদ। এবার তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দৃষ্টি আকর্ষণ করছেন।
ওয়ালিদ বলেন, “আসলে এই প্রশাসনেই সমস্যা। ডাকসু নির্বাচন করতে সৎ সাহস লাগে। এই ভিসির নেতৃত্বাধীন প্রশাসনের সেই সৎ সাহস নেই। আমি তাই মহামান্য রাষ্ট্রপতির কৃপাদৃষ্টি’ আকর্ষণ করছি।”
প্রশাসনের পক্ষ থেকে ২০১৮ সালের ৩০ মে’র মধ্যে ডাকসুর জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে হল প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জগন্নাথ হলসহ কয়েকটি হলে ভোটার তালিকা হালনাগাদের ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
ওয়ালিদ বলেন, “এইটা একটা ‘প্রস্তাবনা’ ছিল। ডাকসু নির্বাচনের ব্যাপারে এটা প্রস্তুতি না। আপনাকে আজকের কাজটা আজকেই করতে হবে। সেটা আগামীকাল করব বলে ফেলে রাখলে তো হবে না।
“হাই কোর্ট বলছে ছয় মাসের মধ্যে, আর উনারা বলছেন আগামী বছর। আচ্ছা আগামী বছরের মধ্যে যে করবে বলেছে, সেটা নিয়ে কি ছাত্রদের সাথে প্রশাসন কোনো আলোচনায় বসেছে? অনেক আগেই নাকি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কই, কাজের কাজ কিছু করেছে?”
হল থেকে ছাত্রদের তালিকা হালনাগাদের বিষয়ে ওয়ালিদ বলেন, “হলের প্রশাসনের কাছে কি বৈধ ছাত্রদের তালিকা নেই? তাহলে আবার কেন নতুন করে ছাত্রদের নাম জমা নিতে হবে? এগুলা শুধুই সময়ক্ষেপণ।”
ডাকসু নির্বাচন না হওয়ার এই সংস্কৃতি এবং এর ফলে ক্যাম্পাসে সৃষ্ট না উদ্ভূত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাচ্ছেন সান্ধ্যকালীন কোর্সের এই ছাত্র।
“বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক সমস্যা মোকাবেলা করছে। কেউ কোনো কথা বলতে গেলে প্রশাসনের উস্কানিতে একটা গোষ্ঠী শিক্ষার্থীদের ওপর নিপীড়ন করছে। ডাকসু নেই বলে হলগুলোর অবস্থা আজ বিপন্ন। সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ আজ বিপন্ন। রাষ্ট্রপতির বিশেষ হস্তক্ষেপ ছাড়া এরকম পরিস্থিতি মোকাবেলা কঠিন।”
