‘লেখিকা সংঘ সম্মাননা’ পেলেন তিন কথাসাহিত্যিক
কথাসাহিত্যিক সালেহা চৌধুরী, হরিশঙ্কর জলদাস ও লিপি মনোয়ারা ‘লেখিকা সংঘ সম্মাননা’ পেয়েছেন।
শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
এছাড়াও ‘কবি তাইবুন নাহার রশীদ’ স্বর্ণপদক দেওয়া হয়েছে মীনা আজিজকে। একই অনুষ্ঠানে সংঘ কর্তৃক প্রকাশিত সম্পাদনা পরিষদের ‘আমার ছোটবেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নাট্যজন মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি দিলারা মেজবাহ্।
সেলিনা হোসেন বলেন, “নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সে সাহিত্যধারা দেশে এগিয়ে যাচ্ছে, সেটাকেই ধারণ করছে এই লেখিকা সংঘ। এ কারণেই এখানে নারী লেখকদের পাশাপাশি পুরুষ লেখকরাও পুরস্কৃত হচ্ছেন। এর মাধ্যমে মূলত সৃজনশীল সাহিত্যচর্চাকে সম্মানিত করা হচ্ছে।”
মামুনুর রশীদ বলেন, এই সংগঠনটি লেখিকাদের একটি সম্মিলনের জায়গা। যাদের সম্মানিত করা হলো, তারা প্রত্যেকেই গুণীজন।
“হরিশঙ্কর জলদাসের লেখাগুলো আত্মজৈবনিক মনে হয়। সেখানে একটা ‘ম্যাজিক রিয়েলিটি’ আছে। জলদাস সম্প্রদায়ের পরিপূর্ণ চিত্র থাকে তার লেখায়।”
১৯৭৩ সালের ১৭ ডিসেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ লেখিকা সংঘ। দেশের বিভিন্ন জেলায় শাখা রয়েছে এই প্রতিষ্ঠানের। নিয়মিতভাবে জাতীয় দিবসগুলো উদযাপনের পাশাপাশি লেখিকা সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর দুই অথবা তিনজন কথাসাহিত্যিককে ‘লেখিকা সংঘ সম্মাননা’ দিয়ে আসছে।
