‘দালালেরা মেরে ফেলল আমার ভাইকে’
বাসের ধাক্কায় গুরুতর আহত ভোলার চুন্নু ব্যাপারী থেঁতলানো পা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে) চিকিৎসা নিতে।
আসতে না আসতেই পড়ে গেলেন অর্থলোভী দালালদের খপ্পরে, যারা তাকে উন্নত চিকিৎসার কথা বলে নিয়ে গেলেন পাশের ক্রিসেন্ট হাসপাতালে; তার জন্য অনেক টাকাও খরচ হয়েছে।
কিন্তু সেখানে চিকিৎসা না পেয়ে অবহেলায় দুদিন থাকার পর বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন মধ্যবয়সী এই আড়তকর্মী।
“ভাইয়ের বাঁ পায়ের হাঁটু থেকে কোমর পর্যন্ত থেতলানো; বাসের চাপায় ওই অংশের হাড় গুঁড়ো হয়ে গেছে। এই অবস্থায় তাকে নিয়ে দীর্ঘ পথ পার হয়ে আসি পঙ্গু হাসপাতালে।
“কিন্তু হাসপাতালে ঢোকার আগেই পঙ্গু হাসপাতালকে শাখা বলে পাশের ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় আমার ভাইকে। আর সেখানেতো আমার ভাইকে তারা মেরে ফেলল।”
এভাবেই শুক্রবার দুপুরে একদমে বেদনার্ত কণ্ঠে মাথা চাপড়াতে চাপড়াতে ভাইকে হারানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলতে থাকেন নিহত ভোলার চুন্নুর বড় ভাই হারুন ব্যাপারী।
ঢাকায় আসার পূর্বাপর ঘটনা বর্ণনা করে তিনি বলেন, মঙ্গলবার ভোরে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে বাসের ধাক্কায় গুরুতর আহত হয় চুন্নু। সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে আসি রাত সাড়ে ১১টার দিকে।
“পঙ্গু হাসপাতালের সামনে আসার পর দুইজন যুবক আমাদেরকে পঙ্গু হাসপাতালে দেখিয়ে এখানে না যেতে বলে। তারা বলে, পঙ্গু হাসপাতালের আরেক শাখা আছে, সেখানে ভালো চিকিৎসা হয় সেখানে যেতে। এবং আরও বলে সেই শাখায় বড় বড় চিকিৎসক বসেন।”
অনুতাপজড়িত কণ্ঠে হারুন বলেন, “ওই দুজন যে দালাল তা আমরা বুঝতে পারিনি। মোহাম্মদপুরের ক্রিসেন্ট হাসপাতালের পঞ্চম তলায় চুন্নুকে উঠানো হয় এবং আমাদের বলা হয়, ১ লাখ ৮০ হাজার টাকা লাগবে।
“এত টাকা চাওয়ার পরই বুঝতে পারলাম, এরা দালাল- আমরা দালালের খপ্পরে পড়েছি। তারপরও ভাইয়ের চিকিৎসার জন্য ১ লাখ ৬০ হাজার টাকায় রাজি হই।”
মঙ্গলবার রাতে হাসপাতালে নেওয়া হলেও বুধবার বিকাল পর্যন্ত চুন্নুকে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি বলে জানান হারুন।
“অথচ তার ক্ষত দিয়ে রক্ত ঝরছিল। এভাবে রক্ত ঝরলে কি কেউ বাঁচে? যদি চিকিৎসা দিতো তাহলে ভাই বাঁচতো। কিন্তু দালালরা ভাইকে মেরে ফেললো।”
তিনি জানান, ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা দেওয়ার পর বুধবার বিকালে চুন্নুকে আপারেশন থিয়েটারে নেয় দুই ব্যক্তি, যারা পরে ওই দিনই র্যাবের অভিযানের ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে ধরা পড়েন এবং দুই বছরের কারাদণ্ড পান।
এবিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেইদিন অভিযানের সময় অপারেশন থিয়েটারে প্রচুর রক্ত দেখতে পাই এবং হাসান ও আনোয়ার নামে দুজনকে দুই বছরের সাজা দেওয়া হয়।
“এছাড়া আর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে এবং লাইসেন্স কিভাবে বাতিল করা যায় সে উদ্যোগ নেওয়া হয়েছে।”
সারোয়ার জানান, সেইদিন অভিযানে চুন্নু ছাড়াও আরও ২২ রোগীকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
পরে রাতে চুন্নুর অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলেও তার প্রাণ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চুন্নুর মৃত্যু হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ২০১৩ সালেও ক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে নানা অভিযোগে মালিক নুরনবীকে এক বছরের সাজা দেওয়া হয়েছিল। ওই হাসপাতালে তার স্ত্রী মাসুমা পারভীন একমাত্র চিকিৎসক।
চুন্নুর মৃত্যুর ঘটনায় কোন মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে সরোয়ার বলেন, “পরিবার মামলা করলে আমরা অভিযানের সময় কিভাবে চুন্নুকে পেয়েছি তার সাক্ষী হব।
“পরিবারকেই মামলা করতে হবে। আমরা আমাদের এখতিয়ারে যা পেয়েছি তারতো আইনগত ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি।”
মামলার বিষয়ে জানতে চাইলে চুন্নুর ভাই হারুন বলেন, “শুক্রবার সকাল ১১টায় ভাইকে দাফন করা হয়েছে। একটু সময় নিয়ে পরিবারের সবার সাথে আলাপ করে সিদ্ধান্ত নেব।”
প্রায় ১৮ বছর ধরে চট্টগ্রামে রিয়াজ উদ্দিন বাজারে কাঁচামালের আড়তে কাজ করত চুন্নু। তার পরিবার ভোলা সদরের গজারিয়া গ্রামে থাকতো। ছয় ভাই দুই বোনের মধ্যে চুন্নু ছিলেন চতুর্থ। বাবার নাম সৈয়দ আহমেদ ব্যাপারী।
চুন্নুর ছেলে সোহাগ স্থানীয় স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে আর আট বছর বয়সী তার মেয়ে রুমি পড়ে চতুর্থ শ্রেণিতে।
এদিকে স্বামীকে হারিয়ে চুন্নুর স্ত্রী পারভীন আক্তার বাকশূন্য জানিয়ে হারুন বলেন, “আপনার সাথে কথা বলার মত শক্তি পারভীনের নেই। স্বামীহারা এই দুই সন্তান নিয়ে ভাবছেন পারভীন। ছেলেটার পরীক্ষার ফলাফল কী হয় কে জানে।”
