ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা
রাজধানীর কলেজগেইটে ক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই হাসপাতালে প্রায়ই আশপাশের সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনার অভিযোগ পেয়ে বুধবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালান তারা।
“আকস্মিক অভিযানে এলে কয়েকজন দালাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের ধরে ফেলা হয়। হাসপাতালের অপারেশন থিয়েটারে জরুরি একজন রোগী থাকলেও কোনো ডাক্তার পাওয়া যায়নি, যারা ছিলেন তারা হাসপাতালের কর্মচারী।”
“আবার কোনো চিকিৎসা বা অপারেশন না করেই বা ডাক্তারের পরামর্শ ছাড়াই সিসিইউতে রেখে টাকা আদায় করা হয়েছে।”
চিকিৎসকের স্বাক্ষরবিহীন বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন পাওয়ার কথা জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
“পুরো হাসপাতালজুড়েই অনিয়ম।”
তিনি বলেন, এসব অনিয়মের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুইজনকে দুই বছরের কারাদণ্ড, একজনকে এক বছর এবং চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই হাসপাতালের সব রোগীকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ম্যাজিস্ট্রট সারোয়ার।
