২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতারযন্ত্র হয়ে উঠেছিল যুদ্ধাস্ত্র: তিমির নন্দী

অদম্য ইচ্ছে ছিল অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু তাতে সাড়া মেলেনি মায়ের। তবে সম্মুখযুদ্ধে না, মায়ের নির্দেশে একাত্তরে কন্ঠযুদ্ধে লড়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক তিমির নন্দী।

মাসুম বিল্লাহ

কাজী নাফিয়া রহমান ও সাজিয়া আফরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2018, 05:41 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

পুরনো খবর:

সন্তান কোলে একাত্তরের কণ্ঠযুদ্ধে
একাত্তরে নাটক-কথিকায় ‘উদ্বুদ্ধ হয়েছিল’ মানুষ
যেভাবে জন্ম বিজয়ের গানের
স্বাধীন বাংলা বেতারে ‘জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ’

কণ্ঠ, তুলি, কলম- এসবও যে যুদ্ধাস্ত্র হতে পারে তা জেনেছিলেন স্বাধীন বাংলা বেতারে যোগ দেওয়ার পর। সে অন্যরকম এক লড়াই, যার শক্তি অস্ত্র-গোলাবারুদের চেয়ে কম নয়।

তার ভাষায়- একটি বেতারযন্ত্র দিয়ে যে মুক্তিযুদ্ধ করা যায়, তার সবচেয়ে বড় উদাহরণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এ বেতার কেন্দ্র শুধু মুক্তিযোদ্ধাদেরই নয়, বাঙালিদের মনোবল অটুট রেখে যুদ্ধ করে গেছে।

স্বাধীনতার ৪৭ তম বার্ষিকীতে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারের ভূমিকা এবং এর সাথে নিজের সম্পৃক্ততার গল্প বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুনিয়েছেন এ কণ্ঠযোদ্ধা। 

মুক্তিযুদ্ধের সময় কুড়িগ্রামের বাগুয়া গ্রামে ছিলেন তিমির নন্দী। ঢাকার লালমাটিয়াতে সপরিবারে থাকলেও বেড়াতে গিয়ে সেখানে আটকা পড়েছিলেন তারা। সেই সময়ে পাকিস্তানিদের এদেশীয় দোসর আলবদর, আস-শামসদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য লাঠি হাতে সারা রাত জেগে গ্রাম পাহারা দিতেন তিনি।

সেসময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আকাশবাণী এবং বিবিসির অনুষ্ঠানগুলো শুনে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন।

“আমি ক্রোধে ফেটে পড়তাম, যখন শুনতাম আমার দেশের গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে পাকিস্তানিরা। নারী-শিশু কেউ রেহাই পাচ্ছে না ওদের হাত থেকে। কিন্তু তারপরও ভাবিনি যে, স্বাধীন বাংলা বেতারে যাব।”

তিমির নন্দীর বড় ভাই ও বোন যুদ্ধের সময় ঢাকার বাইরে আটকে পড়লে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তার মা। সে কারণেই তিনি যুদ্ধে যেতে চাইলেও মা তার কথায় তেমন গুরুত্ব দেননি। এপ্রিল মাসের শেষ সপ্তাহে দেশের পরিস্থিতি আরও খারাপ হলে তারা পাড়ি জমান কলকাতায়।

“আমরা বিশাল একটা নৌকা ভাড়া করে দুই দিন দুই রাত গুণ টেনে টেনে পৌঁছলাম আসামের ধুবড়িতে। সেখানে এক রাত কাটিয়ে সোজা শিয়ালদা এক্সপ্রেসে করে চলে গেলাম কলকাতায়।”

কলকাতায় যাওয়ার পরই তিনি আবার মায়ের কাছে অনুমতি চান যুদ্ধে যাওয়ার।

সেই স্মৃতি রোমন্থনে তিমির নন্দী বলেন, “একদিন আনন্দবাজার পত্রিকায় একটা ছবি দেখলাম, একজন তরুণ মুক্তিযোদ্ধা, বাবার পায়ের কাছে অস্ত্র রেখে সালাম করছে। দোয়া চাইছে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। সেই পত্রিকাটি মাকে দেখিয়ে বলেছিলাম ‘এই ছেলেটি যদি যেতে পারে, তাহলে আমি কেন যাব না?

“মা তখন বললেন, ‘ঠিক আছে তাহলে একটা কাজ করো, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাও। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে তুমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করো। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তোমাকে অনেকেই চিনবে। অনেক পরিচিতরাও আছেন’।

“আমি তখন বললাম, ‘কণ্ঠ দিয়ে কীভাবে যুদ্ধ করে?’ আমি তো জানি, অস্ত্র দিয়ে যুদ্ধ করে। কিন্তু পরে তো জানলাম, কণ্ঠ দিয়ে যুদ্ধ করা যায়, তুলি দিয়ে যুদ্ধ করা যায়, কলম দিয়ে যুদ্ধ করা যায়।"

বাঙালিদের ওপর নির্যাতনের খবরগুলো শুনে তার প্রবল ইচ্ছা ছিল অস্ত্র হাতে যুদ্ধ করার। কিন্তু মনোবাসনা পূরণ না হওয়ার আফসোস রয়ে গেছে আজও।

“আজ পর্যন্ত আমার আফসোস রয়ে গেছে যে, আমি অস্ত্র হাতে একজন পাকিস্তানি সৈন্য মারতে পারিনি। এটা আমার মনের একটা দুঃখ, ক্রোধ। এটা এখনও রয়ে গেছে।”

প্রথমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সন্ধান পাননি তিনি। পরে ভাইয়ের কাছ থেকে জানতে পারেন, বালিগঞ্জ সার্কুলার রোডে চলছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার‌্যক্রম। জুলাই মাসে তিনি যোগ দেন বেতার কেন্দ্রে।

“সেখানে গিয়ে দেখলাম, দোতলা একটা বিল্ডিংয়ে আমাদেরই অগ্রজরা গাদাগাদি করে ফ্লোরিং করে থাকছেন। দেখে আমার খুব কষ্ট হল। যদিও আমিও পরে ফ্লোরিং করেই থেকেছি।”

১৯৬৯ সাল থেকে রেডিও পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশনে গান করতেন তিমির নন্দী। সেই সুবাদে স্বাধীন বাংলা বেতারের অনেক শিল্পীই পরিচিত ছিলেন তার। বেতার কেন্দ্রে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান গেয়েছেন তিনি। স্বাধীন বাংলা বেতারে ‘নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো’ ছিল তার প্রথম গান।

তিনি বলেন, “বেতার কেন্দ্রটি ছিল ছোট্ট একটি ঘর। একটা মাত্র মাইক্রোফোন ছিল। একটা মাইক্রোফোনে আমরা হাফ সার্কেলের মতো হয়ে ঘাড়ে হাত দিয়ে গানগুলি করেছি। সেই সময়ের গানগুলি যে বুলেটের মতো হয়েছে, তার কারণ হলো আমাদের লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা। সেই অনুভূতিটা ছিল।”

তিমির নন্দী জানান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু ও শেষ হত ‘জয় বাংলা বাংলার জয়’ এই গানটি দিয়ে। আর মাঝে মাঝে খবরাখবর প্রচারিত হত। যেমন- বাংলা খবর, ইংরেজি খবর, উর্দু খবর, কথিকা, নাটক, সংগ্রামী গান।

এম আর আখতার মুকুলের চরমপত্র আলোড়ন তুলেছিল। তিমির নন্দীর ভাষায়- “এটি এমন একটি অনুষ্ঠান ছিল-উনি মাত করে দিতেন।”

স্বাধীন বাংলা বেতারের ভূমিকাকে অনন্য মনে করেন এ সঙ্গীত শিল্পী।

“সারা পৃথিবীর ইতিহাসে এটি বিরল। এটি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুপ্রাণিত করে গেছে, বাঙালিরা যারা আটকা পড়েছিলেন, তাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমাদের অনেক অনুষ্ঠান এবং গান শুনে মুক্তিযোদ্ধারা আরও উজ্জীবিত হয়ে সে বারের অপারেশনটা আরও সফলভাবে সম্পন্ন করেছে।”

বেতারের গানগুলো খুব অল্প সময়ে লেখা, সুর ও রেকর্ড হত। তাদের যেভাবে শেখনো হত, ঠিক সেভাবেই গানগুলো গাইতেন তারা। অনেক গান গেরিলা যুদ্ধের সংকেত হিসেবেও কাজ করেছে বলে জানান তিনি।

একাত্তরে মাত্র ১৪ বছর বয়সী এই কণ্ঠসৈনিক বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থাকলে আমার মনে হয় সব বাঙালি যেন সাহস পেত, একটা শক্তি পেত। স্বাধীন বাংলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেলে সবাই চিন্তায় পড়ে যেত।”

স্বাধীন বাংলা বেতারের পাশাপাশি ‘শরণার্থী শিল্পী গোষ্ঠী’তেও যুক্ত ছিলেন তিমির নন্দী। এ গোষ্ঠীতে আরও অনেক শিল্পীরাই যুক্ত ছিলেন। তারা কলকাতা শহরে এবং বাইরে গিয়ে, সীমান্তে গিয়ে নৃত্য নাট্য, গীতিনাট্য, গান পরিবেশন করতেন। সেই পারিশ্রমিকটা তারা মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে দান করতেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার জন্য তাদের কাছাকাছি গিয়ে অনুষ্ঠান করতেন।

“সেই সেময়ে মক্তিযোদ্ধারা আমাদের দেখে আবেগে আপ্লুত হতেন। আমাদের জড়িয়ে ধরেছেন, কাঁদতেন। তারা আমাদের বলেছেন, কোনো কোনো গান শুনে এমনই আক্রমণাত্মক হয়েছেন যে, খুব সফলভাবে সেই অপারেশনটা সম্পন্ন করেছেন।”

১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর পাওয়ার সেই মুহূর্তটি এখনও চোখে ভাসে তার।

“আত্মসমর্পণের খবরটা পেয়ে আমরা একে অপরকে জড়িয়ে ধরে যেমন কেঁদেছি, তেমনি হেসেছি। আর জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল পুরো বেতার কেন্দ্র। দেশটা আর পশ্চিমবঙ্গের বাঙালিদের মাঝেও ছিল উচ্ছ্বাস। তারা পতাকা হাতে বেরিয়ে এসেছে রাস্তায়।”

কোনো কিছুর বিনিময়ে দেশকে স্বাধীন করেননি জানিয়ে এ মুক্তিযোদ্ধা বলেন, “যতদিন বাঁচব দেশের জন্য গেয়ে যাব, কাজ করে যাব।”

[আধুনিক গানের পাশাপাশি নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত এবং বিদেশী ভাষায়ও গান করেন তিমির নন্দী। ১৯৬৯ সালে রেডিও এবং টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে তিমির নন্দীর যাত্রা শুরু হয়।

১৯৭৩ সালে সংগীত কলেজের ছাত্র অবস্থায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকারের বৃত্তি নিয়ে সঙ্গীতে স্নাতকোত্তর করেন। তিনি বাংলাদেশের প্রথম শিল্পী যিনি ইউরোপ থেকে সংগীতে মাস্টার্স করেছেন।

গান গাওয়া ও পরিচালনার পাশাপাশি বর্তমানে শিক্ষকতা করছেন। শিল্পকলা একাডেমিতে তিনি আন্তর্জাতিক পদ্ধতিতে গানের স্বরলিপি তৈরির একটি কোর্স করাচ্ছেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে জাতীয় সঙ্গীতের ‘স্টাফ নোটেশন’ করেছিলেন তিমির নন্দী।]