ইউএস-বাংলা দুর্ঘটনা: বাঁচানো গেল না শাহীন ব্যাপারীকে
আহত অবস্থায় নেপাল থেকে দেশে আনার পর শাহীন ব্যাপারী সাংবাদিকদের বলেছিলেন, “ভাবি নাই বাঁচব”; কিন্তু দুই দফা অস্ত্রোপচারের পরও শেষ পর্যন্ত বাঁচানো গেল না বিমান দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এই যাত্রীকে।
সোমবার সকালে লাইফ সাপোর্টে নেওয়ার পর বিকালে শাহীন ব্যাপারীর মৃত্যু ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা।
৪৩ বছর বয়সী শাহীনের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি ঢাকার সদরঘাটে ‘করিম এন্ড সন্স’ নামে একটি কাপড়ের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন; স্ত্রী রিমা ও আট বছরের মেয়ে সূচনাকে নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের আদমজীতে একটি বাসায়।
শাহীনকে নিয়ে গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা ২৭ এ উন্নীত হল। আহতের সংখ্যা ৯; যাদের প্রায় সবাই অগ্নিদগ্ধ।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ায় হতাহত যাত্রীদের অধিকাংশই পুড়ে গিয়েছিলেন। শাহীনের শরীরের ৩২ শতাংশ পুড়েছিল এবং তা ‘ডিপ বার্ন’ ছিল বলে তাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা।
নেপালের চিকিৎসকরা শাহীনের দেহে আগুনের ক্ষতের পরিমাণ ১৮ শতাংশের মতো জানিয়েছিলেন। কিন্তু গত ১৮ মার্চ ঢাকা মেডিকেলে ভর্তির পর তা ৩২ শতাংশের বেশি দেখা যায়।
দেশে আনার পর ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে শাহীন ব্যাপারীকে
গত বুধবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শাহীনের প্রথম দফার অস্ত্রোপচার হয়। রোববার দ্বিতীয় দফায় অস্ত্রোপচারে তার ক্ষতের ৮০ শতাংশের চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার অবস্থা ভালোই বলেছিলেন। কিন্তু সোমবার সকাল থেকে অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে হাসপাতালের আইসিইউতে রেখে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসাইন ইমাম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ‘ইনফেকশনের কারণে’ সকাল থেকে শাহীনের নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।
“তার প্রচুর ব্লিডিং হয়েছে। নিয়ন্ত্রণের বাইরে। এই ধরনের বার্নে ইনফেকশন দ্রুত ছড়িয়ে সারা শরীরে চলে যায়। ফুসফুস, হার্ট সবখানে। তার কার্ডিয়াক সমস্যাও হয়েছে বলে ধারণা করছি।”
তার কয়েক ঘণ্টার মধ্যে শাহীন ব্যাপারীর জীবন দীপ নিভে যায়।
মৃত্যুর পর স্বজনদের আহাজারি
ডা. ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকেল ৫টার দিকে আমরা ডেড ডিক্লেয়ার করেছি। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু তাকে বাঁচাতে পারলাম না।”
ময়না তদন্তের পর সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নেপাল থেকে আহত ১০ বাংলাদেশির মধ্যে শাহীনসহ সাতজনকে দেশে আনা হয়েছিল। তাদের মধ্যে কবির হোসেনকে বিদেশ পাঠানো হয়েছে। বাকি পাঁচজনের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত তিন বাংলাদেশিকে নেপাল থেকেই বিদেশ পাঠানো হয়েছিল। তাদের দুজন সিঙ্গাপুর এবং একজন ভারতে রয়েছেন। তাদের অবস্থাও স্থিতিশীল বলে খবর পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জে দাফন
নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জের মিজমিজির পাইনাদি কবরস্থানে রাতে দাফন করা হয় শাহীন ব্যাপারীকে।
রাত সাড়ে ৯টায় মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ি এলাকার ভগ্নিপতি আজিজ মাদবরের বাড়িতে আনা হয় তার লাশ। লাশ দেখে শাহীনের বৃদ্ধা মা জাহানারা বেগম, স্ত্রী রীমা আক্তার বার বার মূর্ছা যাচ্ছিলেন। শাহীনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়ে সূচনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল।
রাত ১১টার দিকে জানাজার পর লাশ দাফন করা হয়।
শাহীনের মরদেহ নিয়ে মিজমিজিতে গাড়ি
শাহীনের ছোট ভাই শাহাদাত হোসেন চঞ্চল ব্যাপারী সাংবাদিকদের বলেন, “নেপাল থেকে বাংলাদেশে নিয়ে আসার পর আমার ভাই ভালো ছিল। সবার সঙ্গে কথা বলছেন। কিন্তু রেববার অস্ত্রোপচারের পর থেকেই আমার ভাই আর কোনো কথা বলতে পারেনি। অপারেশনের পর প্রায় ২৪ ঘণ্টা পার হলেও ডাক্তার তার শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের কিছুই জানায়নি। আজ বিকেলে আমাদেরকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
“তারা যদি আমার ভাইয়ের অবস্থার অবনতির কথা আগে জানাত, তাহলে আমরা তাকে বিদেশে নিয়ে যেতে পারতাম। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি।”
শাহীনের মরদেহ পৌঁছার পর মিজমিজিতে ভিড়
শাহীনের ফুফু নিলুফা ইয়াসমিন জানান, শাহীনের বাবা সাইফুল ইসলাম সন্তানদের ছোট রেখেই মারা যান। চার মেয়ে ও দুই ছেলেকে জাহানারা বেগম অনেক কষ্টে বড় করেছেন।
শাহীনের প্রতিবেশী লিটন বলেন, “শাহীন ব্যাপারী খুব ভালো মানুষ ছিলেন।”
