২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহীন ব্যাপারীর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারীর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 04:37 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত অস্ত্রোপচারের পর শাহিন আগের চেয়ে ভাল আছেন বলে ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন।

এই ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসাইন ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহিন ব্যাপারীর পুড়ে যাওয়া ৮০ শতাংশ জায়গায় আমরা চামড়া লাগিয়ে দিতে পেরেছি। বাকী যেটুকু থাকবে, তা অনেকটা নিজে থেকে ঠিক হয়ে যাবে। পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত আমরা কাল নেব।”

গত ১২ মার্চ কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যাত্রীদের মধ্যে শাহীনসহ ১০ বাংলাদেশি বেঁচে গেলেও তাদের প্রায় সবার দেহেই আগুনের ক্ষত রয়েছে।

নেপালের হাসপাতালে ছয় দিন চিকিৎসার পর গত রোববার শাহীনকে দেশে এনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শাহিন ও একই দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদের প্রথম দফায় অস্ত্রোপচার হয় বুধবার।

শাহরিনের প্রথম ড্রেসিং রোববার সকালে করা হয়েছে জানিয়ে ডা. ইমাম বলেন, “ড্রেসিং করতে গিয়ে আমরা দেখেছি, শাহরিনও অনেক ডেভেলপড। শাহরিন, শাহিন দুইজনকে নিয়েই আমরা এখন কিছুটা চিন্তামুক্ত।”

গুরুতর আহত আরেক যাত্রী কবির হোসেনের ব্যাপারে তিনি বলেন, গতকালের তুলনায় আজ কবির হোসেনের শারীরিক অবস্থা ভাল।

“তিনি হাত-পা নেড়ে কথা বলতে পারছেন। কবির হোসেনকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হলেও আমরা আমাদের মতো চিকিৎসা চালিয়ে যাচ্ছি।”

বিমান দুর্ঘটনায় আহত ১০ বাংলাদেশির মধ্যে তিনজন বিদেশে চিকিৎসা নিচ্ছেন। বাকি সাতজনকে বাংলাদেশে এনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলে ভর্তি অন্য চারজনও ভাল আছেন বলে জানান ডা. ইমাম।