২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার বার্ষিকীতে এগিয়ে যাওয়ার প্রত্যয়

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে স্বাধীনতার বার্ষিকীতে একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ।

সেলিম আহমেদ

সভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 02:30 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

সোমবার সারাদেশে উদযাপিত হচ্ছে স্বাধীনতার ৪৭তম বার্ষিকী; যেখানে শ্রদ্ধা নিবেদনের মূল কেন্দ্রে ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

ভোর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধা নিবেদন পর্বের পর উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের ফটক; বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকে ব্যক্তিগতভাবে কিংবা পরিবার-পরিজন নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৪৭ বছর পূর্ণ করা বাংলাদেশে এবারের স্বাধীনতা দিবস এসেছে নতুন অনুষঙ্গ নিয়ে। এ বছরই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি মিলেছে জাতিসংঘের কাছ থেকে। 

এই স্বীকৃতি বাংলাদেশের সামনে যেমন নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে, তেমনি রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন। 

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রথম ধাপ উত্তরণের যে স্বীকৃতি, এটাই প্রমাণ করে বাংলাদেশ কতটা এগিয়েছে।”

তবে বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা এখনও মুক্তিযুদ্ধের মূল্যবোধের বিরুদ্ধে কালো ছায়া বিস্তার করে আছে মন্তব্য করে তিনি বলেন, “স্বাধীনতাবিরোধীদের এই বিষ বৃক্ষটির মূলোৎপাটন করতে হবে।”

অন্যবছর সূর্য ওঠার আগেই জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করলেও এবারের চিত্র ছিল কিছুটা ভিন্ন। ভোরে লোক সমাগম ছিল তুলনামূলকভাবে কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

সকালে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ এখনো শঙ্কামুক্ত হয়নি, কারণ দেশে পাকিস্থানি শক্তি প্রক্সি খেলায় মেতে উঠেছে।”

তিনি বলেন, ২৫ মার্চ সারা দেশ যেখানে গণহত্যা দিবস পালন করেছে, সেখানে বিএনপির কোনো কর্মসূচি ছিল না।

“এরা জাতির পিতা, গণহত্যা দিবস ও ৩০ লাখ শহীদের সংখ্যা মানে না। এর পাকিস্থানি আদর্শে চলে।”

মন্ত্রী বলেন, “আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ। একটি হল সঠিক সময়ে নির্বাচন এবং অপরটি হল জঙ্গিবাদ ও রাজাকার লালনকারী দল বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা।”

বিএনপি নেতাকর্মীরা সকাল পৌনে ১০টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “যে গণতন্ত্র রক্ষার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, তা এখন অবরুদ্ধ। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এখন জেলখানায় আটক। মানুষের বাক স্বাধীনতা নেই। রাজনীতি করার অধিকার নেই। কোথাও গণতন্ত্র নেই।”

বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছে মন্তব্য করে ফখরুল বলেন, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত তাদের এ লড়াই চলবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “এ দেশের মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা, দারিদ্র্য থেকে, ক্ষুধার জ্বালা থেকে মুক্তির জন্য মানুষ সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলেছে এবং আরও এগিয়ে যাবে।”

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সেই সেঙ্গ বাজতে থাকে যুদ্ধদিনের প্রেরণাদায়ী দেশাত্মবোধক গানগুলো।

নানা বয়সের নানা শ্রেণি পেশার মানুষ জাতীয় পতাকার লাল-সবুজে সেজে ফুল হাতে স্মৃতিসৌধে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে।

মুখে লাল-সবুজ উল্কি এঁকে কিংবা গায়ে একই রঙের পোশাক জড়িয়ে অনেক বিদেশি নাগরিককেও জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে দেখা যায়।