বেসরকারি মেডিকেল: শিক্ষার মানে নজর দিতে প্রধানমন্ত্রীর তাগিদ
বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মানের দিকে নজর দেওয়ার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিকিৎসক ও নার্সদের একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে। সেখানেও তারা মেডিকেল কলেজ করছে। তবে সেখানে আমি বলবো, আরেকটু নজর দেওয়ার দরকার যে, তাদের শিক্ষার মানটা ঠিক মতো আছে কিনা।
“আমি আবারো বলবো, বেসরকারিগুলোর দিকে একটু নজর দিতে, শিক্ষার মানটার দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।”
দেশে এখন বেসরকারি পর্যায়ে ৬৯টি মেডিকেল কলেজ রয়েছে। সরকারি-বেসরকারি মিলে ডেন্টাল কলেজের সংখ্যা ২৮টি। দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৬টি।
বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) এবং বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন (ক্রিটিকন-থ্রি) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কৃষিবিদ ইন্সটিটিউশনে রোববার সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের খ্যাতিমান চিকিৎসকদের বই লেখার তাগিদও দেন।
প্রত্যেক মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠাগারের একান্ত প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এজন্য চিকিৎসকদের পেশাজীবী সংগঠনগুলোকে ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং গত ৯ বছরে ১২ হাজার ৭২৮ জন সহকারি সার্জন এবং ১১৮ জন ডেন্টাল সার্জন, মাঠ পর্যায়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী ও প্রায় সাড়ে ১২ হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের কিন্তু, ডাক্তারের অভাব। একজন ডাক্তারকে এতো রোগী দেখতে হয় যে, এটা আসলে মানুষের পক্ষে সম্ভব কি না।
“রোগীর তো আসলে মুখের কথায় অর্ধেক রোগ ভালো হয়ে যেতে পারে; এটা হলো বাস্তব কথা.. তাদের ভেতরে একটা কনফিডেন্স এনে দেওয়া।”
ঢাকাসহ বিভিন্ন জেলায় ২৪টি সরকারি হাসপাতাল নির্মাণ এবং সরকারি হাসপাতালগুলোতে প্রায় সাড়ে ৮ হাজার শয্যা বৃদ্ধির কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “তারপরও কিন্তু, আমাদের শয্যার অভাব আছে।”
সেবিকাদের মর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, “আমি চাই; আমাদের নার্সিংটাও যে একটা মর্যাদাপূর্ণ পেশা .. মানে, মানবতার সেবামূলক পেশা; এই জিনিষটা যেনো মানুষের মধ্যে উপলব্ধি হয়। আমাদের দেশে তো অনেক সময় নিচু চোখেই দেখা হতো। অথচ পৃথিবীতে নার্সিংটা অনেক বেশী মর্যাদা পায়।”
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করে। সম্প্রতি রাজশাহী ও চট্টগ্রামে নতুন দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চালু করার জন্য উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটেও একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি সিঙ্গাপুর সফরে সেদেশের সরকার প্রধানের সঙ্গে উন্নত চিকিৎসার বিষয়ে যে কথা হয়েছে, তাও উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “ডাক্তারদের ট্রেনিং অবশ্যই দরকার। আমি যখন এবার সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারের সাথে কথা বললাম.. আমি বললাম, আচ্ছা আপনাদের ম্যাজিকটা কী বলেন তো? রুগী আমাদের ওখানে ক্রিটিক্যাল, আর আপনাদের এখানে আসলে ভালো হয়ে যায়। আপনারা কী করেন? কীভাবে ভালো করেন? আমাকে একটু জানতে দেন। আমি জানতে চাই।”
মরণাপন্ন রোগীদের দর্শনার্থী না
হাসপাতালগুলোর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দর্শনার্থীর বিষয়ে চিকিৎসকদের আরো শক্ত হতে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের ভিজিটরের সমস্যা; এখানে আমি দুইটা জিনিস দেখি- একটা হচ্ছে, কোনো রোগী হলে তার ভিজিটার যেতেই হবে। ভিজিটর না গেলে পরে, রোগীরও মন খারাপ হয়। খুব ক্রিটিক্যাল রোগী, সে কিছু বুঝতেই পারছে না.. তারপরও যেতে হবে।
“আরেকটা হচ্ছে, আমরা যারা রাজনীতি করি.. আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ রোগী হলে তাকে দেখতে যেতে হবে। আর মন্ত্রী প্রধানমন্ত্রীর তো যেতেই হবে। না গেলে নাকি প্রধানমন্ত্রীর ইজ্জত থাকে না। আবার, রোগীরও ইজ্জত থাকে না, রোগীর আত্মীয়-স্বজনের ইজ্জত থাকে না।”
এই ধরণের রোগীদের প্রধানমন্ত্রী দেখতে যান না।
তিনি বলেন, “আমি তো ক্রিটিক্যাল রোগী দেখা ছেড়েই দিয়েছি। বিদেশে তো যেতে দেয় না। যে কোনো সময়ে রোগীর ক্ষতি হতে পারে।”
বাংলাদেশের যে কোনো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে খুব সহজেই ঢুকতে পারার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আইসিইউতে ঢোকাটা তো ভাত-মাছের মতো। আত্মীয়-স্বজন গিয়ে বসে থাকবে। আবার, ভিজিটর যেতে হবে। আর, রাজনৈতিক নেতারা না গেলে নাকি রোগীর আত্মীয়দের ইজ্জত নষ্ট হয়ে যায়।”
“আর, যিনি নেতা থাকেন; তারও মনে হয়, আমি না গিয়ে দায়িত্ব পালন করলাম না।”
অযথা দর্শনার্থীদের প্রবেশের বিষয়ে চিকিৎসকদের আরো শক্ত হতে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই জায়গাটায় আপনাদের কড়াকড়ি করতে হবে।”
“আমি বলব, এই ব্যাপারে ক্রিটিক্যাল কেয়ারের ডাক্তারদের আরো হার্শ হতে হবে, শক্ত হতে হবে, বাধা দিতে হবে। আজকে, তো আমি বলে গেলাম। আমার নাম ভাঙায়েন। কোনো অসুবিধা নেই।”
“রাজনৈতিক নেতৃবৃন্দ আর রোগীর আত্মীয় স্বজনদের বলব, রোগী বাঁচাতে চাইলে চিকিৎসাটা ভালোভাবে করতে দিতে হবে”
অনুষ্ঠানমঞ্চে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের দষ্টি আকর্ষণ করে শেখ হাসিনা বলেন, “এ ব্যাপারে আপনাদের আরো একটু দৃষ্টি দিতে হবে।”
ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভিজিটর কর্নার করে দেওয়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “এখন তো ডিজিটাল যুগ। দরকার হলে মনিটরে রুগী দেখবে। অথবা গ্লাস দেওয়া থাকবে। গ্লাসের বাইরে থেকে দেখবেন।”
নিমতলী অগ্নিকাণ্ড এবং ২০১৫ সালে রাজনৈতিক কর্মসূচিতে পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিদগ্ধদের দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাকে খুব খাতির করে বলে, ‘আসেন আপনি ভেতরে আসেন। কিছু হবে না.. হাত টাত পরিস্কার করে’। তারপর, আমি নিজেই যাওয়া বন্ধ করলাম। বললাম, না আমি গ্লাস দিয়ে দেখবো। গ্লাসের বাইরে দাড়িয়ে আমি দেখলাম।
“ক্যামেরাম্যানরা খুব নাখোশ, ছবি নিতে পারছে না। কারণ, রোগী থাকবে, রোগীর কাছে যাব। রোগীর বেডে বসব। তারপর, একটা ছবি নেবে। ওই ছবির অনেক মূল্য।”
“কিন্তু, রুগীর যে বারোটা বাজে ওটা কিন্তু দেখে না”
অপারেশন থিয়েটারে ক্যামেরা নিয়ে ঢুকে পরার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “এমন একটা অবস্থা হয়; অপারশেন থিয়েটারের মধ্যে ক্যামেরা-ট্যামেরা নিয়ে ঢুকে পড়ে। অপারেশন থিয়েটারের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকে পড়তে হবে কেন? না ঢুকলেই নাকি হচ্ছে না। এটা তো হয় না কখনও।”
বিএসসিসিএমের সভাপতি ইউ এইচ সাহেরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়াও এই সংগঠনের মহাসচিব এ এস এফ আরিফ আহসান বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন ক্রিটিকন থ্রির সভাপতি মির্জা নাজিমউদ্দিন।
