কোটা সংস্কার: লাঠিপেটার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও আটকের প্রতিবাদে রোববার বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র হাসান আল মামুন বলেন, “কোনো প্রকার উসকানি ছাড়াই পুলিশ আমাদের উপর লাঠিচার্জ শুরু করে। তারপর শুরু করে টিয়ারশেল নিক্ষেপ। অনেকেই আহত হন সেখানে।”
এর প্রতিবাদে রোববার সকালে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বলেন, “আমরা বঙ্গবন্ধুর অহিংস আন্দোলনে বিশ্বাসী। কিন্তু পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে।”
বুধবার স্মারকলিপি দিতে চাকরিপ্রার্থীদের একটি মিছিল হাইকোর্টের মোড়ে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। তাদের রমনা থানা থেকে ছাড়িয়ে আনতে গেলে পরে প্রায় পঞ্চাশজনকে আটক করা হয়।
আটকদের মুক্তির দাবিতে বিকালে আন্দোলনকারীদের একটি মিছিল রমনা থানার দিকে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর তারা শাহবাগে অবস্থান নেয়। সাড়ে ৮টার দিকে আন্দোলনকারীদের ছেড়ে দিলে শাহবাগ থেকে তারা সরে যান।
মামুন বলেন, থানায় আটককৃতদের মুক্তির জন্য আমরা ৬০ জন যাই কথা বলতে। তবে সেখানেও পুলিশ খুব 'সুকৌশলে' আমাদের সবাইকে আটক করে ফেলে। আট ঘন্টা আমাদের আটকে রেখেছে তারা। এই সময়ে তারা আমাদের একফোটা পানি পর্যন্ত খেতে দেয়নি।"
অন্যদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক মুহম্মদ রাশেদ খানও এসময় বক্তব্য দেন।
